'সাউথ এশিয়ান আর্টস'-এর আয়োজনে উৎসবমুখর পরিবেশে নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেষ হলো নববর্ষ উদযাপন। স্থানীয় সময় মঙ্গলবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ছিল বৈশাখী গান, সম্মাননা প্রদান আর বিনামূল্যে পান্তা ইলিশ পরিবেশনা।
মিয়া মোহাম্মদ দুলাল ও রেজওয়ানা এলভিসের যৌথ সঞ্চালনায় এদিন সংগঠনের নেতৃবৃন্দের মাঝে স্বাগত বক্তব্য রাখেন মাহমুদুল হাসান ও হেলাল মিয়া। উপস্থিত ছিলেন আনিসুর রহমান আনিস, কানিজ ফাতেমা শাওন, হৃদয় মিয়া, ফরহাদ হাসান, মেজবা, মোঃ আকাশ, আপনানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। নানা পর্বে দুপুর থেকে শুরু করে অনুষ্ঠান চলে রাত অবধি। এদিন বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণে অনুষ্ঠানস্থল পরিণত হয় একখন্ড বাংলাদেশে।
বর্ষবরণ অনুষ্ঠানে স্থানীয় ও মূলধারার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলা, সংগীত, নৃত্য, কবিতা এবং বৈশাখী শোভাযাত্রার ঐতিহ্যের মেলবন্ধন প্রবাস প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহব্বান জানান।
বক্তব্য দেন নিউইয়র্ক অঙ্গরাজ্য প্রতিনিধি জেসিকা গঞ্জালেজ-রোহাস, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, এটর্নি মঈন চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট ফাহাদ সোলায়মান, মোঃ লিটন প্রমুখ। অনুষ্ঠান শেষ হয় বাংলাদেশ থেকে আগত শিল্পী নকুল কুমার বিশ্বাসের গান পরিবেশনার মাধ্যমে।
আজকালের খবর/ এমকে