প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১:২১ পিএম (ভিজিট : )

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করেছে। এবারের দিবসের বিশেষ আকর্ষণ ছিল দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত জাতীয় প্যারেডে প্রথমবারের মতো বিজিবির আধুনিক যান্ত্রিক বহরের অংশগ্রহণ।
বৃহস্পতিবার সকালে ঢাকার তেজগাঁও জাতীয় প্যারেড স্কয়ারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত প্যারেডে বিজিবির একটি সুসজ্জিত কনটিনজেন্ট অংশ নেয়। কুচকাওয়াজে প্রথমবারের মতো যুক্ত হয় বাহিনীর যান্ত্রিক বহর, যেখানে দেশের ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির আধুনিক সক্ষমতা তুলে ধরা হয়।
প্রদর্শনীতে বিজিবি এয়ার উইংয়ের তত্ত্বাবধানে হেলিকপ্টার ফ্লাইপাস্ট, এন্টি-ট্যাংক গাইডেড উইপন্স (ATGW), আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (APC), রায়োট কন্ট্রোল ভেহিকেল (RCV), কুইক রেসপন্স ফোর্স (QRF), র্যাপিড অ্যাকশন টিম (RAT), অল-টেরেইন ভেহিকল (ATV) এবং কে-৯ ইউনিটের প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সক্ষমতা প্রদর্শন করা হয়। এই অংশগ্রহণ বিজিবির আধুনিকায়ন ও পেশাদারিত্বের নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে সকল ইউনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী অংশগ্রহণ করেন।
পরে তিনি পিলখানায় ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিজিবির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং রাঙ্গামাটির নানিয়ারচরের বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুদের জন্য বিজিবি জাদুঘর ও বিজিবি চিড়িয়াখানা উন্মুক্ত রাখা হয়।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে এশার নামাজের পর বিজিবির সকল স্থাপনায় দেশ ও জাতির কল্যাণ, শহীদদের আত্মার মাগফিরাত এবং বাহিনীর অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ১৯৭১ সালের শহীদদের স্মরণে যোহরের নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
আজকালের খবর/ এমকে