পবিত্র রমজানের মহিমা আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়ে গেল ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর বিশেষ আয়োজন “ইফতার ফর অল’”। শনিবার (১৪ মার্চ) ২৪ রমজান শহরের লেকভিউতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই ভ্রাতৃত্ব, সংহতি ও মানবতার মিলনমেলা অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টা থেকেই জেলার বিভিন্ন প্রান্তের তরুণ ও স্বেচ্ছাসেবীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে লেকভিউ প্রাঙ্গণ। সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের মাঝে সম্প্রীতির সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই ভিবিডি সাতক্ষীরা জেলা প্রতিবছর এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।
ভিবিডি সাতক্ষীরা সভাপতি এসএম সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।
ইফতার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশ নেন ভিবিডি খুলনা বিভাগীয় বোর্ডের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম, আজকালের খবরের জেলা প্রতিনিধি এস এম তৌহিদুজ্জামান,শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম, ভিবিডি সাতক্ষীরার সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, সাংবাদিক আলী মুক্তাদা হৃদয়, হাবিবুর সোহাগ, মিলন বিশ্বাস, ভিবিডি জেলা বোর্ডের সহ-সভাপতি সুমা খাতুন, সাধারণ সম্পাদক এসএম বিপ্লব হোসেন, হিউম্যান রিসোর্স অফিসার তানজিল আলম, ট্রেজারার নাজমুল হাসান, পাবলিক রিলেশন অফিসার পদে নাজমুল সাকিব প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,এটি কেবল একটি ইফতার মাহফিল নয়, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে একাত্মতা বোধ তৈরি করাই ছিল এই আয়োজনের উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, তরুণ সমাজের এমন ঐক্যবদ্ধ প্রচেষ্টা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য প্রেরণা হিসেবে কাজ করে। ইফতারের টেবিলে ধনী-দরিদ্র ভেদাভেদ ভুলে সবাই যখন একসাথে বসে, তখনই রমজানের প্রকৃত শিক্ষা ফুটে ওঠে।
আজকালের খবর/বিএস