ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি’র পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের উত্তর বিলাসপুর, জয়দেবপুর বাজার ও মুন্সিপাড়া এলাকাজুড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল এবং সাবেক যুবদল নেতা ও বিএনপি নেতা আক্তার হোসেনের নেতৃত্বে পরিচালিত এ প্রচারণায় এলাকার বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করা হয়।
প্রচারণাকালে নেতাকর্মীরা এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ভোটারদের ঘরে ঘরে গিয়ে বিএনপির রাজনৈতিক দর্শন ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। বিশেষভাবে নারী ভোটারদের-মা ও বোনদের কাছে লিফলেট পৌঁছে দিয়ে ভোট প্রার্থনা করা হয়, যা প্রচারণায় নতুন মাত্রা যোগ করে।
গণসংযোগের সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন কর্মসূচি তুলে ধরা হয়। এতে পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালু, স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য কার্ড প্রদান, বেকার সমস্যা সমাধান, কৃষকদের জন্য কৃষি কার্ড প্রবর্তনসহ একটি আধুনিক, স্বনির্ভর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা ভোটারদের সামনে উপস্থাপন করা হয়।
নেতারা বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড মদিনাতুল উলুম নির্বাচন কেন্দ্র কমিটির আহ্বায়ক ও ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ডা. সেলিম পারভেজ, মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্র কমিটির উপদেষ্টা ও কাজী আজিমউদ্দিন কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং গাজীপুর মেট্রো সদর থানা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম কাঞ্চন, কেন্দ্র কমিটির সদস্য সচিব মাকসুদুর রহমান মুন্না, ২৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শওক হোসেন, যুগ্ম সম্পাদক আজমত আলী, জামিল হোসেন জসিম, আক্রাম হোসেন, জহিরুল ইসলাম রুবেল, মনির, ওয়াসিম, কেএম সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক নারী সমর্থক।
স্থানীয়দের মতে, এ ধরনের সরাসরি গণসংযোগ ও ঘরে ঘরে পৌঁছে যাওয়া প্রচারণা ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং আসন্ন নির্বাচনে গাজীপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
আজকালের খবর/বিএস