বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রো-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর)-এর বিজ্ঞান, গণিত ও প্রযুক্তি শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
শুক্রবার (১২ জুন) পূর্বাহ্ণে তারা নিজ নিজ দায়িত্বে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৪(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ কার্যকর হয়।
নবনিযুক্ত দুই প্রো-উপাচার্যই শিক্ষা, গবেষণা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। অধ্যাপক ড. আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দশকের বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি বিভাগীয় চেয়ারম্যান, ইএমবিএ প্রোগ্রামের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, গবেষণা কার্যক্রম ও একাডেমিক সহযোগিতামূলক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
অন্যদিকে অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম শিক্ষা, বিজ্ঞান ও দূরশিক্ষা ব্যবস্থাপনায় একজন অভিজ্ঞ শিক্ষাবিদ। জাপানে উচ্চতর গবেষণা সম্পন্ন করার পাশাপাশি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসামগ্রী উন্নয়ন, দূরশিক্ষণ কার্যক্রম, একাডেমিক পরিকল্পনা ও পরীক্ষা ব্যবস্থাপনায় পূর্ব থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শিক্ষা উন্নয়নসংক্রান্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রকল্পেও তিনি পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনিযুক্ত দুই প্রো-উপাচার্যের নেতৃত্বে বাউবির একাডেমিক কার্যক্রম, গবেষণা, প্রযুক্তিনির্ভর দূরশিক্ষা, মানোন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতা আরও শক্তিশালী হবে। পাশাপাশি পরিবর্তিত সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীবান্ধব ও আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার বিকাশে তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আজকালের খবর/বিএস