সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ সচিবালয় উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা ও কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে ভবিষ্যত সরকারের সমর্থন লাগবে। শুধু তাই নয়, স্বাধীন বিচার বিভাগের সফলতা ও ব্যর্থতা—দুটিই আমাদের মানতে হবে।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রয়াসেই পৃথক সচিবালয় করা সম্ভব হয়েছে।
এ সময় আইন উপদেষ্টা বলেন, এখন থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে বিচার বিভাগ কাজ করতে পারবে, এ ক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাধীন।
এর আগে, গত ৩০ নভেম্বর বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়। এর ফলে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ।
আজকালের খবর/বিএস