নেত্রকোনার খালিয়াজুরীতে বন্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি জোরদার এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে স্থানীয়দের সচেতন করতে বৃহৎ ‘বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। খালিয়াজুরী ইউনিয়ন পরিষদ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ মহড়ায় সার্বিক সহযোগিতা করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং বাস্তবায়নে ছিল সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অলিদুজ্জামান।
খালিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আবু ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রহুল আমীন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নেত্রকোনা, খালিয়াজুরী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, থানা বিএনপির সহ-সভাপতি মো. ফুল মিয়া, সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার রিয়াজউদ্দিন তালুকদার, ও সদর ইউনিয়ন ১,২,৩ ওয়ার্ড মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদাউস আরা, সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ড মেম্বার মো. মজলু মিয়া।
উপজেলা কো-অর্ডিনেটর ফয়সাল আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন, সি এন আর এস - এস আর এস পি প্রকল্পের এ পি সি মো. জিয়াউর রহমান, খালিয়াজুরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষণ দাশ।
বক্তারা বলেন, নেত্রকোনা জেলার মধ্যে খালিয়াজুরী উপজেলা সবচেয়ে অনুন্নত,দুর্গম, অবহেলিত ও বন্যা প্রবণ উপজেলা । উত্তরের পাহাড়ি ঢলে সহজেই খালিয়াজুরী হাওরের নিম্নাঞ্চল প্লাবিত হয় । তাই বন্যার আগেই সাধারণ মানুষকে সচেতন করার কোনো বিকল্প নেই। বক্তারা আগাম সতর্কবার্তা দ্রুততম সময়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া, নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের প্রস্তুতি গ্রহণ, জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল এবং প্রয়োজনীয় ওষুধ সংরক্ষণের ওপর জোর দেন। এসময় তারা স্থানীয় প্রশাসনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি এবং বন্যা প্রবণ জনগোষ্ঠীর সহযোগিতা ও হাওরের আবহাওয়া জলবায়ু পরিবর্তনে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে শেষ পর্বে সংগীত পরিচালনা করেন হাওর কালচারাল একাডেমির প্রতিষ্ঠাতা বর্ষা সরকার পপি।
আজকালের খবর/বিএস