ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রোগী ও রোগীর স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদ হযরত আলী (২৮) নামে এক দালালকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আটকের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে ঢামেকের নতুন ভবনের দোতলা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন আনসার সদস্যরা।
ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ঢামেকের নতুন ভবনের দোতলা দায়িত্বরত আনসার সদস্য এপিসি মোহাম্মদ ইউসুফ ও আনসার সদস্য মো. ওমর ফারুক দেখতে পান, হযরত আলী (২৮) নামে এক যুবক রোগী ও তাদের স্বজনদের কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে অগ্রিম টাকা নিয়ে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাৎক্ষণিক ভাবে টহল ডিউটিতে থাকা আনসার সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করেন। পরে হাসপাতাল প্রশাসনের কাছে নিয়ে গেলে কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ঢামেকে যারা দালালে করে এবং যারা অবৈধভাবে হাসপাতালে ঘোরাফেরা করেন তাদের ধরার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।
আজকালের খবর/বিএস