মালয়েশির পেনাং অঙ্গরাজ্যের বায়ান মুতিয়ারার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপরের তলা থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানকে রং ও ভবনের ফিনিশিং-সংক্রান্ত সব কাজ অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি/ডশ)।
পেনাংয়ের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের (জেকেকেপি) পরিচালক হাইরোজি আসরি বলেন, উন্মুক্ত প্রান্ত (ওপেন-এজ) এলাকায় পরিচালিত রং ও ফিনিশিংয়ের কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্ট সাব-কন্ট্রাক্টরকে নিষেধাজ্ঞা নোটিশ জারি করা হয়েছে।
তিনি জানান, নির্মাণস্থলের উন্মুক্ত প্রান্তগুলো যথাযথভাবে ব্যারিকেড দিয়ে নিরাপদ না রাখার অভিযোগে মূল ঠিকাদারকেও পৃথক একটি নিষেধাজ্ঞা নোটিশ দেওয়া হয়েছে।
হাইরোজি আসরি বলেন, দুর্ঘটনাস্থল-সংশ্লিষ্ট সব ধরনের কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা নোটিশে উল্লেখিত সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সেখানে কোনো কাজ করা যাবে না।
তিনি আরও বলেন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য আইন ১৯৯৪ (অ্যাক্ট ৫১৪) এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (নির্মাণকাজ) প্রবিধান ২০২৪ (সিডিএম ২০২৪) অনুযায়ী নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার, সাব-কন্ট্রাক্টর এবং সংশ্লিষ্ট সব পক্ষকে কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জেকেকেপির তথ্য অনুযায়ী, ১২ জুলাই রোববার সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনার প্রায় একদিন পর, সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটে বিভাগটিকে বিষয়টি জানানো হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত বাংলাদেশি শ্রমিকটি একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের অধীনে রং করা, প্লাস্টারিং ও ভবনের ফিনিশিংয়ের কাজ করছিলেন।
হাইরোজি আসরি বলেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শ্রমিকটি ভবনের ৩৪তম তলা থেকে নবম তলার ক্যানোপির ছাদে পড়ে যান। তিনি ৩৪তম তলায় কাজ করছিলেন। পরে তাকে নবম তলার ক্যানোপির ছাদে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পেনাং হাসপাতালের চিকিৎসক ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি বলেন, কর্মস্থলে সংঘটিত কোনো দুর্ঘটনা গোপন করা বা কর্তৃপক্ষকে না জানানো আইনত দণ্ডনীয় অপরাধ।
হাইরোজি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক আইন লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের খবর/এমকে