মালয়েশিয়া সরকার ২০২৫ সালের ১৫ মে থেকে চলতি বছরের জুন পর্যন্ত পরিচালিত মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম-এর আওতায় ১১২টি দেশের মোট ২ লাখ ৪২ হাজার ৬৩ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকইয়াতে এ তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী শামছুল আনোয়ার নাসারাহ জানান, এই কর্মসূচিতে মোট ২ লাখ ৬৪ হাজার ১৯১ জন বিদেশি নিবন্ধন করেছিলেন, যাদের মধ্যে অধিকাংশকেই নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
তিনি বলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আরও সক্রিয় হয়েছে। নিয়মিত অভিযান, আইন মেনে চলার তদারকি, প্রত্যাবাসন কর্মসূচি এবং বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপমন্ত্রী জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৪৭০টি অভিবাসনবিষয়ক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭৬ হাজার ৬০৮ জনের কাগজপত্র ও বৈধতা যাচাই করা হয়।
বিদেশিদের বসবাসের ঘনত্ব নিয়ে জনমনে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান আরও জোরদার করা হয়েছে। বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র, পাইকারি বাজার এবং আবাসিক এলাকায় ২ হাজার ৫২৮টি পরিদর্শন চালানো হয়েছে।
এ ছাড়া, অবৈধ কর্মকাণ্ড দমনে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, স্থানীয় সরকার এবং অন্যান্য সংস্থার সঙ্গে যৌথভাবে ৪৭০টি সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। বিদেশিদের অবৈধ ব্যবসায়িক কার্যক্রম ঠেকাতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আরও ৭১টি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
এদিকে, পুলিশের সদস্যদের বিরুদ্ধে অপরাধসংক্রান্ত মামলার সংখ্যা বেড়েছে বলেও সংসদে জানানো হয়। পুলিশের ইন্টেগ্রিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমপ্লায়েন্স বিভাগ-এর তথ্যানুযায়ী, ২০২৩ সালে পুলিশের সদস্যদের বিরুদ্ধে ৩৭৮টি, ২০২৪ সালে ৪০৭টি এবং ২০২৫ সালে ৪৬৩টি অপরাধমূলক মামলা নথিভুক্ত হয়েছে।
হেফাজতে মৃত্যুর ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে ১২টি, ২০২৪ সালে ১৩টি এবং ২০২৫ সালে ২২টি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, ইন্ডিপেনডেন্ট পুলিশ কন্ডাক্ট কমিশন (আইপিসিসি) এ দায়ের হওয়া অভিযোগের সংখ্যা ২০২৩ সালের ১০০টি থেকে বেড়ে ২০২৪ সালে ৩৩৮টি এবং ২০২৫ সালে ৩৮৮টিতে পৌঁছেছে। তবে উপমন্ত্রী বলেন, ২০২৩ সালের জুলাইয়ে আইপিসিসি গঠনের পর অভিযোগ গ্রহণের পদ্ধতিতে পরিবর্তন আসায় এই পরিসংখ্যান সেই প্রেক্ষাপটে বিবেচনা করা উচিত।
মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রসঙ্গে শামছুল আনোয়ার নাসাহ বলেন, ১৯৪৮ সালের রাষ্ট্রদ্রোহ (সেডিশন) আইন এখনও প্রাসঙ্গিক এবং উসকানিমূলক বক্তব্য বা কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন প্রয়োগের ক্ষেত্রে এটি কার্যকর। তবে পর্যাপ্ত ও শক্ত ভিত্তি থাকলেই কেবল এ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, জাতিগত বিদ্বেষ, সহিংসতায় উসকানি, শত্রুতা সৃষ্টি, জনশৃঙ্খলা বিঘ্নিত করা কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলে এমন বক্তব্য বা কর্মকাণ্ডের ক্ষেত্রেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের খবর/এমকে