হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, আইন অমান্য ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি।
মামলার আবেদনে অন্য আসামিরা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আবেদনে বাদী উল্লেখ করেন, তার ৯ মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি ঘটে। এ ছাড়া সময়মতো হামের টিকা না পাওয়ায় সে টিকা গ্রহণ করতে পারেনি এবং পরে হামে আক্রান্ত হয়ে মারা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার আবেদনে আরও বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। তাদের দায়িত্বে অবহেলার কারণে দেশব্যাপী শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজারো শিশু চিকিৎসাধীন বলে অভিযোগ করা হয়েছে।
এতে আরও দাবি করা হয়, বিবাদীদের কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও নাগরিকের জীবন রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার এবং আইনগত দায়িত্বে অবহেলার শামিল।
আজকালের খবর/বিএস