শুক্রবার ৩ জুলাই ২০২৬
সিডিউল ডিস্লাজিংয়ে সহযোগিতার আশ্বাস ডিএনসিসি প্রশাসকের
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৩৭ পিএম   (ভিজিট : ৩)
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় সুষ্ঠুভাবে সিডিউল ডিস্লাজিং কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিডিউল ডিস্লাজিং কার্যক্রম বাস্তবায়নের কর্মপদ্ধতি নির্ধারণ বিষয়ক এক সমন্বয় সভায় তিনি এ আশ্বাস দেন।

সভায় প্রশাসক বলেন, নগরের সেপটিক ট্যাংক পরিষ্কারের ক্ষেত্রে পরিবেশ দূষণ রোধে যথাযথ নিয়ম-কানুন অনুসরণ করতে হবে। একই সঙ্গে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, ঢাকার সব সেবামূলক কার্যক্রম সিটি কর্পোরেশন পরিচালনা করে না। রাজধানীতে রাজউক, ঢাকা ওয়াসা এবং বিদ্যুৎ বিভাগ পৃথকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরবাসীর কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

সভায় বারিধারা, গুলশান, বনানী ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা প্রশাসকের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে সিডিউল ডিস্লাজিং কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তারা জানান, ঢাকা শহরের কিছু এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা ওয়াসার সুয়ারেজ লাইন থাকলেও অনেক এলাকায় সেপটিক ট্যাংকের ব্যবস্থা রয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে পয়ঃবর্জ্য সরাসরি ড্রেনে সংযুক্ত থাকায় স্বাস্থ্য ও পরিবেশগত মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। এর ফলে মশার বংশবৃদ্ধি ও জলাবদ্ধতার সমস্যাও বাড়ছে।

প্রশাসক গুলশান, বনানী ও বারিধারা লেকসহ নগরের সব জলাধারে পয়ঃবর্জ্যের অবৈধ নিষ্কাশন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন।

সভায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, নিরাপদ ও টেকসই পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ২০২৩ সালের ১০ অক্টোবর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসার মধ্যে একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরিত হয়।

তিনি বলেন, সমঝোতা স্মারকের আওতায় ডিএনসিসি এলাকায় নিরাপদ ও টেকসই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে সিডিউল ডিস্লাজিং কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিকভাবে পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাই করা হবে। এ লক্ষ্যে পরীক্ষামূলকভাবে আগামী দুই মাসের মধ্যে 'ড্রাই-রান' কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বারিধারা, গুলশান, বনানী ও নিকেতন সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft