ভোলার চরফ্যাশনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, কয়ছর আহাম্মদ কমল, খায়রুল ইসলাম সোহেল ও হেলাল উদ্দিন টিপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক এবং সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান যুগে যুগে মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে এবং মানবতা, সাম্য ও সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ করেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম সঠিকভাবে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা হলরুমে আয়োজিত এই অনুষ্ঠান শেষে জাতীয় পর্যায়ের মূল উদ্বোধনী অনুষ্ঠানটি ভার্চুয়ালি সরাসরি সম্প্রচার করা হয়, যা উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা অত্যন্ত গুরুত্বের সাথে উপভোগ করেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব