সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, আসামিদের জামিন বাতিল এবং আদালতের রায়ের ভিত্তিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন কালিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে কালিগঞ্জ থানার সর্বস্তরের জনগণ। এতে কৃষ্ণনগর ইউনিয়ন থেকে আগত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কৃষ্ণনগর ইউনিয়নের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।তাদের দাবি, ইয়ার আলীর বিরুদ্ধে ৩৫টি, বাহার আলীর বিরুদ্ধে ৩১টি এবং রেজাউলের বিরুদ্ধে ৪১টি মামলা রয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, রাজগুল, আনিসুর ও পলাশ তারাও এই ইয়ার আলি,বাহার আলি চক্রের সহযোগী। তাদের মধ্যে রাজগুল ও পলাশ এখনো গ্রেপ্তার হয়নি। এ ছাড়াও বিভিন্ন গ্রামে ওই চক্রের আরও সদস্য সক্রিয় রয়েছে বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, দীর্ঘদিন ধরে মামলা গুলোর বিচারকাজ চললেও এখনো নিষ্পত্তি না হওয়ায় ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। আতঙ্কে দিন কাটাচ্ছেন, প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। তারা এই দুর্ধর্ষ সন্ত্রাসীদের দ্রুত বিচার সম্পন্ন করে এই অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।
মানববন্ধন থেকে বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আদালতের রায়ের ভিত্তিতে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
আজকালের খবর/বিএস