মালদ্বীপের কাফু অ্যাটলের থুলুসধু দ্বীপে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, অধিকার ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সফর করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। সফরের অংশ হিসেবে দ্বীপে দু'দিনব্যাপী কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। সফরকালে প্রতিনিধি দল থুলুসধু কাউন্সিল ও সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে প্রবাসী বাংলাদেশিদের কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা, আইনগত সহায়তা এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
বৈঠকে স্থানীয় কর্তৃপক্ষ দ্বীপের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসীদের স্থানীয় আইন-কানুন মেনে চলার আহ্বান জানানো হয় এবং যেকোনো সমস্যায় হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, দক্ষতা উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
সফরের অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে ই-পাসপোর্ট ও বিএমইটি স্মার্ট কার্ডের আবেদন গ্রহণ করা হয়। এছাড়া প্রবাসীদের সঙ্গে একটি উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে তাঁরা বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন। খেলাধুলা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ, অধিকার ও মর্যাদা রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের খবর/কবির