গত বছরের এক নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বরগুনার ১ নম্বর বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত তিনটার দিকে বরগুনা সদর থানা পুলিশ শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। গতকাল সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজ জানান, বরগুনা সদর থানার বিস্ফোরক আইনের একটি মামলায় (মামলা নং ৫২/২৫, জিআর নং ৫৪২) তাকে গ্রেফতার করা হয়েছে। ভিন্ন ভিন্ন তিনটি নাশকতার ঘটনার অভিযোগে গত বছর এই মামলাটি রুজু করা হয়। মামলায় স্বপন সরাসরি এজাহারভুক্ত আসামি না হলেও সন্দেহভাজন অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে স্বপনের স্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তার স্বামী আত্মগোপনে না গিয়ে শহরের নিজ বাসাতেই অবস্থান করছিলেন। তিনি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না দাবি করে তার স্ত্রী বলেন, “আমার শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী গুরুতর অসুস্থ। তিনি চোখে দেখতে পান না, কথাও বলতে পারেন না। আমি চাকরি করায় আমার স্বামীই একমাত্র তার বাবাকে দেখাশোনা করতেন। রাত তিনটায় পুলিশ এসে তাকে নিয়ে যায়।”
আজকালের খবর/কাওছার আল হাবীব