জামালপুরের ইসলামপুরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। সোমবার পৌরসভা কর্ম পরিকল্পনা সভায় পরিচ্ছন্নতাকর্মীদের কাজের পরিধি নির্ধারণ ও দায়িত্ব বণ্টন শেষে ২২ জন কর্মীর হাতে এই পোশাক তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মীদের মাঝে পোশাক বিতরণ করেন।
এর আগে ইসলামপুর ঠাকুরগঞ্জ নিত্যবাজারসহ পৌর এলাকার সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বণিক সমিতির পক্ষ থেকে শহর ও বাজার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত রাখার জোর আবেদন জানানো হয়, যার ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পোশাক বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, এই পোশাক পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্বজ্ঞান সম্পর্কে আরও সচেতন করে তুলবে। তাদের প্রতি প্রশাসনের পূর্ণ আন্তরিকতা রয়েছে উল্লেখ করে তিনি কর্মীদের নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার সহকারী প্রকৌশলী মোবাখারুল ইসলাম, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর জুলফিকার রহমান ভুট্টো, ভারপ্রাপ্ত লাইসেন্স পরিদর্শক শাহজাহান সরকার এবং সহ-কর আদায়কারী মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব