ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের সমর্থনেই ফিরে পেয়েছেন নিজের ‘লড়াইয়ের শক্তি’। বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি৷ হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি এক আবেগঘন কথা শেয়ার করেছেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর প্রাক্তন স্বামী ব্র্যাড পিট এর সঙ্গে বিচ্ছেদ হয়েছে অ্যাঞ্জোলিনা জোলির৷
বিচ্ছেদের সময় কঠিন ছিল বলেও জানান অভিনেত্রী৷ সেই জীবনে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন৷ কঠিন সময় পেরিয়ে তিনি আবার নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন বলে জানিয়েছেন। আর এই পথচলায় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে তাঁর সন্তানরা।
এক সাক্ষাৎকারে জোলি জানান, একটা সময় তিনি মনে করেছিলেন তাঁর ভেতরের “লড়াই করার মানসিকতা” যেন হারিয়ে গিয়েছিল। কিন্তু তাঁর সন্তানরা বড় হয়ে তাঁকে নতুন করে উৎসাহ দিচ্ছে, নিজের মতো করে বাঁচতে অনুপ্রাণিত করছে। অভিনেত্রীর কথায়, তাঁর সন্তানরা তাঁকে সবচেয়ে ভালোভাবে চেনে এবং তাঁকে ভালবাসে। এই বিষয়টি তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জোলি ও ব্র্যাড পিট ২০১৬ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তাঁদের সম্পর্কের অবসান এবং পরবর্তী আইনি প্রক্রিয়া বহু বছর ধরে আলোচনায় ছিল। তাঁদের ছয় সন্তান—ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো, নক্স এবং ভিভিয়েন—এই পুরো সময়টায় পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থেকেছে।
অভিনেত্রী আরও জানান, বিচ্ছেদের আগে তিনি অভিনয় থেকে কিছুটা দূরে সরে গিয়ে পরিচালনা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মানবিক কাজের দিকে বেশি মন দিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ার পর সন্তানদের কাছাকাছি থাকার জন্য এবং পরিবারের দায়িত্ব সামলানোর জন্য তাঁকে আবার অভিনয়ে ফিরতে হয়। তিনি এমন কাজ বেছে নিয়েছিলেন যেগুলির শুটিং কম সময়ের মধ্যে শেষ করা যায় বা যেখানে সন্তানদের সঙ্গে থাকা সম্ভব।
জোলির মতে, সন্তানরা এখন বড় হয়ে গিয়েছে এবং তারা চায় মা আবার নিজের স্বপ্ন, এবং কাজের জগতে ফিরুন। তাদের উৎসাহ তাঁকে নিজের সেই দিকগুলো আবার খুঁজে পেতে সাহায্য করছে, যেগুলো হয়তো কঠিন সময়ের মধ্যে চাপা পড়ে গিয়েছিল।
হলিউডের অন্যতম পরিচিত মুখ হয়েও জোলির এই স্বীকারোক্তি দেখিয়েছে, ব্যক্তিগত সংকটের সময় পরিবারের ভালবাসা ও সমর্থন কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। সন্তানদের সঙ্গে তাঁর সম্পর্কই এখন তাঁর জীবনের অন্যতম বড় ভরসা।
আজকালের খবর/ এমকে