বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
আকামা বাতিল হলে ১৪ দিনের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:৩৮ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৭:৪৬ পিএম  (ভিজিট : ৮)
মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কাতারে বসবাসরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ নতুন নির্দেশনা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে কোনো প্রবাসী কর্মীর রেসিডেন্স পারমিট (আকামা) বাতিল হলে তাকে সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে কাতার ত্যাগ করতে হবে। নির্ধারিত সময় অতিক্রম করে দেশটিতে অবস্থান করলে প্রতিদিনের ভিত্তিতে আর্থিক জরিমানা গুনতে হবে। একই সঙ্গে ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থানকারীদের জন্যও কঠোর জরিমানার বিধান বহাল রয়েছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমওআই) এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ আয়োজিত ‘নিরাপদ ভ্রমণ প্রক্রিয়া’ শীর্ষক এক ওয়েবিনারে কাতার বিমানবন্দর পাসপোর্ট বিভাগের ক্যাপ্টেন আলী আহমেদ আলী আল কুওয়ারি এই নতুন নিয়মের কথা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ক্যাপ্টেন আলী আহমেদ বলেন, আগে রেসিডেন্স পারমিট বাতিলের পর দেশ ছাড়ার জন্য ৩০ দিন সময় পাওয়া যেত। তবে বর্তমানে এই গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময় কমিয়ে দুই সপ্তাহ (১৪ দিন) করা হয়েছে।

তিনি আরও বলেন, ১৪ দিন পার হওয়ার পরও যদি কেউ কাতারে অবস্থান করেন, তবে প্রতিদিনের জন্য ১০ কাতারি রিয়াল করে জরিমানা গুনতে হবে।

এছাড়া কাতারে আসা দর্শনার্থীদের উদ্দেশে তিনি বলেন, পাসপোর্টে থাকা ভিসা স্ট্যাম্পে কত দিন থাকার অনুমতি রয়েছে, তা যেন তারা ভালোভাবে পরীক্ষা করে নেন। কারণ, ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কাতারে অবস্থান করলে প্রতিদিনের জন্য ২০০ কাতারি রিয়াল জরিমানা করা হবে।

ভ্রমণের আগে প্রবাসীদের ‘মেত্রাশ’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের আইনি স্ট্যাটাস বা বর্তমান অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। ট্রাফিক জরিমানা, অতিরিক্ত সময় থাকার কারণে কোনো জরিমানা বা অন্য কোনো বকেয়া পাওনা রয়েছে কি না, তা অ্যাপের মাধ্যমে আগেই দেখে নেওয়া উচিত। অন্যথায় ভ্রমণ করার সময় বিমানবন্দরে জটিলতায় পড়তে হতে পারে।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত শেষ করতে এবং দীর্ঘ লাইন এড়াতে যাত্রীদের ইলেকট্রনিক গেট বা ই-গেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে বিমানবন্দরের আগমন ও প্রস্থান টার্মিনাল মিলিয়ে মোট ৭৬টি ই-গেট চালু রয়েছে।

এ ছাড়া পুরোনো পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টে রেসিডেন্স পারমিট স্থানান্তরের কাজটিও প্রবাসীরা ‘মেত্রাশ’ অ্যাপের মাধ্যমেই করতে পারবেন।

কাতারে প্রবাসী দম্পতির সন্তান জন্ম নিলে দ্রুত পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে তা রিপোর্ট করতে হবে এবং প্রয়োজনীয় রেসিডেন্সি নথিপত্র সংগ্রহ করতে হবে। ক্যাপ্টেন আল কুওয়ারি জানান, কাতারে জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে প্রয়োজনীয় পাসপোর্ট বা কাগজপত্র নেওয়ার পর, বাবার স্পনসরশিপের অধীনে রেসিডেন্স পারমিট (আকামা) নিতে হবে। রেসিডেন্স পারমিট না থাকলে, কোনো নবজাতক কাতার থেকে বাইরে যাওয়ার পর পুনরায় দেশটিতে প্রবেশ করতে পারবে না। সূত্র: গালফ নিউজ

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft