শুক্রবার ১২ জুন ২০২৬
কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:২৯ পিএম  আপডেট: ১২.০৬.২০২৬ ৯:৩৩ পিএম  (ভিজিট : ৪)
কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ ও তিস্তা ব্যারেজ নির্মাণে বিনিয়োগসহ স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, অবকাঠামো, কৃষি উন্নয়নে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ শুক্রবার চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিং-এ সপ্তম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম ও দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশগ্রহণকারী ডেপুটি স্পিকার চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হসপিটালের কার্যক্রম সরেজমিন পরিদর্শনকালে এ আহ্বান জানান।

বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে আরো ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, কুনমিং-এর বিভিন্ন মেডিকেলে বাংলাদেশের রোগীদের জন্য আবাসন, ভাষা, চিকিৎসা খরচ হ্রাস ও ভিসাসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধাসমূহ সহজীকরণ করলে উন্নত চিকিৎসার জন্য আমাদের দেশের মানুষ কুনমিংকে বেছে নেবে। তিনি ডাক্তার, টেকনিশিয়ান, নার্সসহ বিভিন্ন পদে কুনমিং-এর হাসপাতালসমূহে বাংলাদেশিদের কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। হাসপাতালের ডেপুটি ডিরেক্টর জেনারেল হি তাও, ওয়াং জিয়াংকুন, কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর শিয়া সুয়েশান এ সময় উপস্থিত ছিলেন।

তাঁরা সংসদীয় দলকে আশ্বস্ত করে বলেন, চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগে চলমান স্বাস্থ্য সেবা কার্যক্রম দিন দিন আরও বেগবান করা হবে। এ প্রসঙ্গে তাঁরা আরও বলেন, বাংলাদেশের যেসব ছাত্র-ছাত্রী কুনমিং-এ মেডিকেলে পড়ছেন বা পড়তে চান - তাদের ভিসা, আবাসনসহ সম্ভাব্য সব বিষয় সহজতর করা হবে।

হাসপাতাল পরিদর্শন শেষে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন দল চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং-এর সাথে হাইজেং গার্ডেন হোটেলে মতবিনিময় করেন। গত ১২ ফেব্রুয়ারির অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রায় দেড় যুগ পর বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে জানিয়ে তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ডেপুটি স্পিকার। 

ডেপুটি স্পিকার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিতীয় বিদেশ সফর হিসেবে জুনের শেষ সপ্তাহে চীন সফরের সুসংবাদ দেন কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারিকে। তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ এই নেতার মাধ্যমে চীনের কাছে বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও চামড়া প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। বাংলাদেশের সংসদীয় দল এবং বাণিজ্য প্রতিনিধি দলকে চলমান সপ্তম চায়না-সাউথ এশিয়া ফোরাম এবং দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে আমন্ত্রণ জানানোয় সিপিসি’র ইউনান সেক্রেটারিকে ধন্যবাদ জানান তিনি।

এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই, চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল আলম, সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কবির







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft