নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মো. আব্দুস সাত্তার এমপি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১০জুন) গভীর রাতে তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে দ্রুত তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বর্তমানে সংসদ সদস্য মো. আব্দুস সাত্তার আগের তুলনায় অনেকটাই সুস্থতাবোধ করছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন। তার শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অসুস্থতার এই সময়ে তিনি তার সংসদীয় সহকর্মী, ডোমার-ডিমলার সর্বস্তরের জনগণ এবং দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন। দ্রুত সুস্থ হয়ে পুনরায় জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছেন তিনি।
এ সময় তার পাশে ছিলেন নীলফামারী-৪ আসনের সম্মানিত সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। তিনি অসুস্থ সংসদ সদস্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
ডোমার-ডিমলাসহ নীলফামারী জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক সহকর্মীরা সংসদ সদস্য মোঃ আব্দুস সাত্তার এমপির দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন। সবাই আশা প্রকাশ করেছেন, তিনি শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন।
আজকালের খবর/বিএস