নীলফামারীর ডিমলা উপজেলায় জাল দলিলের মাধ্যমে জমি খারিজের (নামজারি) আবেদন করার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার (৯ জুন) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন—উপজেলার ছাতনাই বালাপাড়া এলাকার মো. লিয়াকত আলী হিরো (৪৭) এবং দলিল লেখক মো. সুমন ইসলাম (৪২)। কিশোরগঞ্জ উপজেলার কুঠিপাড়া গ্রামের সন্তোষ কুমারের ছেলে রনী কান্তের লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ডিমলা থানায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত একটি বিষয়ে জাল দলিল ব্যবহার করে নামজারির আবেদন করা হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং তদন্ত শুরু হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জানান, দলিল জালিয়াতির প্রমাণ মেলায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য থানায় সোপর্দ করা হয়েছে। ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, ভূমি সংক্রান্ত অপরাধ দমনে পুলিশের নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে এবং এই মামলার আইনগত কার্যক্রম চলমান আছে।
এদিকে, পৃথক আরেকটি অভিযানে ডিমলা থানা পুলিশ অন্য একটি মামলার (জিআর নং-৮৩/২৫) ওয়ারেন্টভুক্ত আসামি মিজানুর রহমান (৩৬)-কে গ্রেপ্তার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, ভূমি সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণা রোধে প্রশাসনের এমন কঠোর অবস্থান ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব