রবিবার ৭ জুন ২০২৬
সিঙ্গেল ডিজিট সুদে গৃহঋণ ও বিশেষ তহবিলের দাবি রিহ্যাবের
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৩)
আবাসন খাতকে গতিশীল রাখতে একটি বিশেষ হাউজিং তহবিল গঠন, সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ সুবিধা চালু এবং দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। আজ রবিবার (৭ জুন) বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো: মোস্তাকুর রহমানের সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ড. আলী আফজাল বলেন, “প্রথমবারের মতো ফ্ল্যাট ক্রেতাদের জন্য স্বল্পসুদে ও সহজ শর্তে গৃহঋণ চালু করা গেলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের নিজস্ব আবাসনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে। একই সঙ্গে আবাসন খাতের মাধ্যমে দেশের অর্থনীতিও আরও গতিশীল হবে।”

বৈঠকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক ঢাকাকে কার্যকরভাবে বিকেন্দ্রীকরণ করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পিত আবাসন গড়ে তুলতে স্বল্পসুদের হাউজিং ঋণ সুবিধা রাজধানীর বাইরে সম্প্রসারণের দাবি জানান।

রিহ্যাব নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং শিল্পায়নে আবাসন খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, হাউজিং খাতের ঋণ ব্যাংকিং খাতের অন্যতম নিরাপদ (Secure) ঋণ, যার ফলে অন্যান্য অনেক খাতের তুলনায় আবাসন ঋণের সুদের হার তুলনামূলকভাবে কম থাকে। বর্তমানে হাউজিং ঋণের সুদের হার অনেক ক্ষেত্রেই অন্যান্য ঋণের তুলনায় প্রায় ২ শতাংশ পর্যন্ত কম রয়েছে বলেও তিনি জানান।

গভর্নর আরও আশ্বস্ত করেন যে, দীর্ঘমেয়াদি আবাসন ঋণের অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ গ্রহণ সহজতর হবে।

রিহ্যাবের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো: বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং পরিচালক তাসনোভা মাহবুব সালাম।

অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের আবাসন খাতের টেকসই উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের আবাসন সুবিধা সম্প্রসারণে উভয় পক্ষ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft