মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকার ‘কালাচাঁন মিষ্টির দোকান’ থেকে এই আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মিষ্টির দোকান থেকে লাগা আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশের একটি মোবাইল রিচার্জের দোকান, একটি মুদি দোকান এবং একটি কনফেকশনারি দোকান মুহূর্তেই গ্রাস করে নেয় আগুন। সংবাদ পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সময়োপযোগী তৎপরতায় আগুন আশপাশের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। গভীর রাতে দোকানগুলো বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও পণ্যসামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মহিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও চারটি দোকানের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব