জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বাস্তুচ্যুতি মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে অভিযোজন কৌশল হিসেবে অভিবাসনকে কাজে লাগানোর গুরুত্বের ওপর জোর দিয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে আইওএম’র মহাপরিচালক অ্যামি পোপের সঙ্গে এক বৈঠকে জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও টেকসই উন্নয়নের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
বৈঠকে নাহিদা সোবহান আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরাম (আইএমআরএফ) সফলভাবে সম্পন্ন হওয়া এবং ‘ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট ২০২৬’ প্রকাশ উপলক্ষ্যে অ্যামি পোপকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, ফোরাম ও প্রতিবেদনটি অভিবাসনকে টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজে লাগাতে বৈশ্বিক উদ্যোগকে আরও শক্তিশালী করবে বিশেষ করে স্বল্পোন্নত দেশ (এলডিসি) এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য।
তিনি আরও জানান, ভবিষ্যতে ‘ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট’-এর বিভিন্ন সংস্করণে অবদান রাখতে এবং অভিবাসন ব্যবস্থাপনা সংক্রান্ত নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করে নিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা - যাদের আনুষ্ঠানিকভাবে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) হিসেবে উল্লেখ করা হয় এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণ ও সহনশীলতা বৃদ্ধিতে আইওএম কীভাবে আরও কার্যকর সহায়তা দিতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।
উভয় পক্ষ মত প্রকাশ করে যে, জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমাগত তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে অভিবাসন, সহনশীলতা বৃদ্ধি এবং মানবিক মর্যাদা সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকালের খবর/কবির