রবিবার ৩১ মে ২০২৬
‘ডোনাল্ড ট্রাম্পকে’ দেখতে মানুষের উপচেপড়া ভিড়
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ২:১৪ পিএম   (ভিজিট : ১০)
পবিত্র ঈদুল আজহার আনন্দঘন আবহে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে বেড়েছে মানুষের উপস্থিতি। ঈদের টানা ছুটির শেষ দিন আজ রবিবার (৩১ মে) সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন হাজারো দর্শনার্থী। মহিষ ‌‌‌‘ডোনাল্ড ট্রাম্পকে’ এক নজর দেখতে আগ্রহী তারা।

সকাল ১০টার পর থেকেই টিকিট কাউন্টারে দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। টিকিট সংগ্রহ শেষে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ একে একে চিড়িয়াখানায় প্রবেশ করেন। বাঘ, হাতি, জিরাফ, হরিণ ও বানরের খাঁচার সামনে ছিল সবচেয়ে বেশি ভিড়। শিশুদের, প্রাণীদের নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে দেখা যায় অভিভাবকদের।

প্রচণ্ড গরমে অনেক দর্শনার্থীকে চিড়িয়াখানার বিশ্রামাগার ও লেকপাড়ে বসে সময় কাটাতে দেখা গেছে। কেউ সেলফি তুলেছেন, কেউ ভিডিও ধারণ করেছেন। ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন।

শেওড়াপাড়া থেকে পরিবারের সদস্যদের নিয়ে চিড়িয়াখানায় আসা রিজওয়ান বলেন, বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি। প্রতিবছর ঈদের সময় গ্রামে যাওয়া হয়। এবার ঢাকায় ঈদ করায় ঘুরতে আসার সুযোগ পেয়েছি।

রামপুরা থেকে আসা জেসমিন আক্তার বলেন, শুক্রবার আসার কথা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারিনি। অনেকদিন ধরেই দুই ছেলে চিড়িয়াখানায় আসার বায়না ধরছিল। আজ ওদের বাঘ আর হাতি সামনাসামনি দেখাতে পেরে খুব ভালো লাগছে। এটা ওদের জন্য দারুণ এক অভিজ্ঞতা।

দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। কোরবানির পশু হিসেবে বিক্রি হওয়ার পর বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় থাকা মহিষটিকে দেখতে খাঁচার সামনে ভিড় জমাতে দেখা যায় দর্শনার্থীদের।

বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা মুহিন উদ্দিন বলেন, ফেসবুকে ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে দেখেছিলাম। সরাসরি দেখার আগ্রহ থেকেই বন্ধুদের নিয়ে এসেছি। এত ভিড়ের মধ্যেও পরিবেশটা বেশ উপভোগ করছি।

চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তিনি জানান, ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় এক লাখের বেশি দর্শনার্থী এসেছিলেন।ৎ

চিড়িয়াখানার ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো। মিরপুরের সনি সিনেমা হল থেকে চিড়িয়াখানা গেট পর্যন্ত যানবাহনের চাপ দেখা যায়। খোলা মোড় থেকে শুরু হয়ে চিড়িয়াখানার প্রবেশপথ পর্যন্ত যানজট সৃষ্টি হয়। ফলে অনেক দর্শনার্থীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

চিড়িয়াখানার প্রধান ফটকের বাইরে খাবার, খেলনা, আচার ও ময়ূরের পাখা বিক্রেতাদেরও ব্যাপক উপস্থিতি ছিল। আচার বিক্রেতা রিয়াজ উদ্দিন বলেন, গতকাল বিকেলের পর থেকেই দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। আজ সকাল থেকেই মানুষের চাপ বেশি। আশা করছি বিক্রি ভালো হবে।

এদিকে, ঈদের টানা ছুটি শেষ হওয়ায় রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ তুলনামূলক কম দেখা যাচ্ছে। সড়ক, রেল ও নৌপথে যাত্রীরা স্বস্তিতেই রাজধানীতে ফিরছেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft