রবিবার ৩১ মে ২০২৬
বাঁচানো গেল না সেই দুলালীকে
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১:৫২ পিএম   (ভিজিট : ১০)
মারা গেছেন মানসিক ভারসাম্যহীন দুলালী। রবিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দুলালীকে উদ্ধারকারী মিরপুর-২ নম্বরের ৬০ ফিট রোডের বাসিন্দা মুছা করিম রিপন নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি পোস্টে লিখেন, রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ICU তে চিকিৎসাধীন অবস্থায় মানসিক ভারসাম্যহীন দুলালী আজ সকালে মারা গেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। একজন দুলালীকে বাঁচাতে না পারলেও এরকম শত শত দুলালীর জন্য আমার প্রচেষ্টা ভবিষ্যতে অব্যাহত থাকবে। দুলালীদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমার এই সংগ্রাম চলবে। মানসিক স্বাস্থ্যসেবা কাঠামোর পরিবর্তন চাই।

হাসপাতাল সূত্র জানায়, দুলালী তীব্র রক্তস্বল্পতা (গুরুতর অ্যানিমিয়া), শরীরে লবণ-খনিজের ভারসাম্যহীনতা এবং সেপটিক শকে আক্রান্ত ছিলেন। গতকাল শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। দুলালী দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

মুছা করিম রিপন জানান, ২২ মে বারেক মোল্লা মোড়ে দেখতে পান এই দুলালীকে। তীব্র অপুষ্টি আর অনাহারে কঙ্কালসার হয়ে পড়া এই নারীর পিঠের হাড়গুলো চামড়ার ওপর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। কাছে গিয়ে কথা বলেন।

তখন তাকে কলা ও পাউরুটি কিনে দেন মুছা। কিন্তু ওই নারী কিছুই খেতে পারছিলেন না। অবস্থা খারাপ দেখে দুলালীকে নেওয়া হয় শ্যামলীতে অবস্থিত মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে দেখে ওষুধ লিখে দিলেও চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন। 

এরপর নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেও চিকিৎসায় সাড়া মেলেনি। হতাশ হয়ে মুছা ফার্মগেটের মডার্ন সাইকিয়াট্রিক নামের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কয়েক ঘণ্টা পর জানানো হয়, কেরানীগঞ্জে ওই হাসপাতালের অন্য শাখায় এই নারীকে পাঠানা হবে। কয়েক ঘণ্টার পর জানানো হয় সেখানেও দুলালীকে রাখা সম্ভব না। এভাবে দুই দিনে আটটি হাসপাতালে নেন দুলালীকে। কিন্তু কেউ তাকে হাসপাতালে রাখতে রাজি হননি। পরে ধানমণ্ডি ২৭ নম্বরের জেনেটিক প্লাজার পাশে ফুটপাতে পলিথিন মুড়িয়ে রাখেন। 

ঘটনাটি সাংবাদিক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সরকারের নজরে আসে। পরে সরকারের পক্ষ থেকে দুলালীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। গত শুক্রবার প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এস এম জিয়াউদ্দিন হায়দার তাকে হাসপাতালে দেখতে যান। তবে শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ করে আজ সকালে মৃত্যুবরণ করেন দুলালী।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft