বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
গরমে কয়েকটি টিপস মানলেই সুস্থ থাকবেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১২:২৮ এএম   (ভিজিট : ২৯)
দিন দিন বাড়ছে তাপমাত্রা। মার্চ মাস থেকেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। আবহাওয়াবিদদের মতে, সামনের দিনগুলোতে গরমের তীব্রতা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে সুস্থ থাকতে খাদ্যাভ্যাস, পোশাক ও দৈনন্দিন জীবনযাপনে আনতে হবে কিছু পরিবর্তন। বিশেষজ্ঞরা বলছেন, সামান্য সচেতনতাই গরমজনিত নানা শারীরিক সমস্যা থেকে রক্ষা করতে পারে।

হালকা খাবার খাওয়ার পরামর্শ

গরমের সময়ে অতিরিক্ত ঝাল, তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খাদ্যতালিকায় বেশি করে রাখতে হবে পানি সমৃদ্ধ ফল ও সবজি। তরমুজ, শসা, জামরুল, পটল ও ঝিঙের মতো খাবার শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে।

টক দই রাখতে পারেন প্রতিদিনের খাদ্যতালিকায়

গরমে শরীর ঠান্ডা রাখতে টক দই বেশ উপকারী। ঘরে তৈরি দই হলে আরও ভালো। দইয়ের শরবত, দই-ভাত কিংবা রায়তা নিয়মিত খেলে শরীর সতেজ থাকে। দই-চিড়া ও খই-দইও হতে পারে পুষ্টিকর খাবার।

পর্যাপ্ত পানি পান জরুরি

গরমে শরীরে দ্রুত পানি স্বল্পতা দেখা দিতে পারে। তাই দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা প্রয়োজন। পর্যাপ্ত পানি শরীরকে হাইড্রেটেড রাখে এবং ক্লান্তি কমাতে সাহায্য করে।

আরামদায়ক পোশাক পরুন

গরমে হালকা রঙের সুতির ও ঢিলেঢালা পোশাক পরা ভালো। আঁটসাঁট পোশাক এড়িয়ে চললে শরীরে আরাম পাওয়া যায়।

রোদ থেকে সুরক্ষা প্রয়োজন

সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রোদের তাপ সবচেয়ে বেশি থাকে। এ সময় বাইরে বের হলে ছাতা, সানগ্লাস বা টুপি ব্যবহার করা উচিত। ঘরে থাকলেও দিনের বেলায় জানালা-দরজা বন্ধ রাখলে ঘর তুলনামূলক ঠান্ডা থাকে।

ত্বকের যত্নেও সচেতনতা জরুরি

রোদে বের হওয়ার অন্তত ২০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া গরমে ত্বক সতেজ রাখতে বরফ ঘষা বা চোখের ওপর শশার স্লাইস ব্যবহার করা যেতে পারে।

পর্যাপ্ত ঘুম ও শরীরচর্চা দরকার

সুস্থ থাকতে প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। পাশাপাশি সকালে বা সন্ধ্যায় হালকা ব্যায়াম, হাঁটা কিংবা যোগব্যায়াম করলে শরীর চাঙ্গা থাকে।

সংক্রমণ থেকে সতর্ক থাকতে হবে

গরমে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে। তাই বাইরে থেকে এসে হাত ধোয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অভ্যাস বজায় রাখা জরুরি। রাস্তার খাবার এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।

ঠান্ডা-গরমের হঠাৎ পরিবর্তন এড়িয়ে চলুন

অতিরিক্ত গরম থেকে এসে সঙ্গে সঙ্গে এসিতে প্রবেশ বা বরফ ঠান্ডা পানি পান করলে সর্দি-কাশিসহ নানা সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা এ ধরনের অভ্যাস থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।


আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft