বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
মালয়েশিয়ায় অভিবাসীদের ঘিরে জনমনে উদ্বেগ, তবু বৈধ কাগজপত্রধারীর সংখ্যাই বেশি: ইমিগ্রেশন মহাপরিচালক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১২:০৮ এএম   (ভিজিট : ০)
মালয়েশিয়ায় বিদেশিদের উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ এখনও রয়ে গেছে। বিশেষ করে রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন এলাকায় সপ্তাহান্ত ও উৎসবের ছুটিতে বিপুল সংখ্যক বিদেশিকে একত্র হতে দেখা গেলে অনেকেই মনে করেন তারা অবৈধ অভিবাসী। তবে দেশটির ইমিগ্রেশন বিভাগ বলছে, বাস্তবে তাদের বড় অংশের কাছেই বৈধ কাগজপত্র রয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান বলেন, রাজধানীর জনপ্রিয় এলাকা কেএলসিসি ও আশপাশে দীর্ঘ ছুটি কিংবা উৎসবের সময়ে বিদেশিদের বড় সমাগম দেখা যায়। এ কারণে স্থানীয়দের মধ্যে ধারণা তৈরি হয় যে, তারা সবাই অবৈধ অভিবাসী।

তিনি বলেন, মানুষ যখন এক জায়গায় অনেক বিদেশিকে দেখে, তখন ধারণা হয় তারা সবাই অবৈধ। কিন্তু আমাদের অভিযানে দেখা গেছে, তাদের অনেকের কাছেই বৈধ পাস ও কাজের অনুমতি রয়েছে।

বুধবার সেলাঙ্গরের বেরানাংয়ে মিলেনিয়াম ইমিগ্রেশন ডিপোতে আয়োজিত ‘উইরা মাদানি সেমারাক আইদিলআধা’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইমিগ্রেশন মহাপরিচালক জানান, বর্তমানে মালয়েশিয়ায় বৈধ নথিপত্রসহ ৩০ লাখেরও বেশি বিদেশি অবস্থান করছেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু কনটেন্ট নির্মাতা অতিরঞ্জিত ও চাঞ্চল্যকর ভিডিও তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়াতে ভূমিকা রাখছেন।

তার ভাষায়, কিছু কনটেন্ট নির্মাতা হয়তো বেশি প্রচার ও ভিউ পাওয়ার জন্য চাঞ্চল্যকর বিষয় তুলে ধরছেন। তবে সমাজকে বুঝতে হবে, এ দেশের প্রতিটি বিদেশিই আইন ভঙ্গ করছে না।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৫ মে পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ১০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭১ হাজার ৭৩৪ জনকে তল্লাশি করা হয় এবং বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে ১৭ হাজার ৩১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

একই সঙ্গে বৈধ অনুমতি ছাড়া বিদেশি কর্মী নিয়োগ বা আশ্রয় দেওয়ার অভিযোগে ৭৮৯ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, আটক হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার নাগরিক—৫ হাজার ৫৭৮ জন। এরপর রয়েছে বাংলাদেশি ৩ হাজার ৫৩৩ জন, মিয়ানমারের ২ হাজার ৮৫৬ জন, ফিলিপাইনের ১ হাজার ৯৯০ জন এবং পাকিস্তানের ৮১১ জন নাগরিক।

ইমিগ্রেশন বিভাগ জানায়, অধিকাংশ অপরাধ ছিল নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহার সংক্রান্ত।

এত বড় পরিসরে অভিযান চালানোর পরও অবৈধ অভিবাসীদের নিয়ে জনঅসন্তোষ এখনও বিদ্যমান বলে মন্তব্য করেন জাকারিয়া শাবান। তিনি বলেন, দেশে বিদেশির সংখ্যা অতিরিক্ত বলে মনে করছেন এমন মানুষের সংখ্যা এখনও কম নয়। তাই আমাদের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, ইমিগ্রেশন বিভাগের গাড়ি দেখলেই সাধারণত অবৈধ অভিবাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft