পরপর বক্স অফিসে তাক লাগানো হিট। দৃশ্যম, দৃশ্যম ২ এর পর আবার পর্দায় ফিরেছে দৃশ্যম ৩। লোমহর্ষক থ্রিলার যা প্রত্যেক মুক্তির পরই চর্চায় থেকেছে সিনেপ্রেমী মানুষের।
সেই তালিকায় বাদ যায়নি দৃশ্যম ৩। মুক্তির প্রথম রবিবারে ছবিটির আয় বেড়েছে চোখে পড়ার মতো। যা প্রমাণ করে দৃশ্যম নিয়ে দর্শকদের উন্মাদনা এখনও তুঙ্গে। তবে আপাতত শুধু চারটি দক্ষিণী ভাষাতেই মুক্তি পেয়েছে এই সিনেমা। চতুর্থ দিনে ভারতে ছবিটি প্রায় ১৩.৯৫ কোটি টাকার ব্যবসা করেছে, যা শনিবারের করা আয়কেও ছিপিয়ে গিয়েছে। সব মিলিয়ে মাত্র চার দিনেই দেশের বাজারে ছবিটির মোট আয় পৌঁছে গিয়েছে ৫৪.৫৫ কোটিতে।
ভারতের বেশ কয়েকটি ভাষায় সিলভার স্ক্রীনে মুক্তি পেয়েছে এই সিক্যুয়াল থ্রিলার। সবচেয়ে বেশি সাড়া মিলেছে ছবির মালায়ালম সংস্করণে। দেশজুড়ে ৩,১০০ টিরও বেশি শো থেকে এসেছে প্রায় ১১.৭৫ কোটি টাকা। পাশাপাশি তেলুগু, তামিল ও কন্নড় ভাষাতেও ছবিটি ভালো ব্যবসা করছে। রবিবার ৫,২০০ টির বেশি শোতে এই থ্রিলার দেখতে বহু জায়গায় ভিড় জমেছিল হলজুড়ে। হাউসফুল হওয়াতে ফিরে যেতে হয় বহু মানুষকে।
পরিচালক জিতু জোশেফের এই ছবির সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে কেরল। শুধুমাত্র রবিবারেই এই রাজ্য থেকে এসেছে প্রায় ৯.৭০ কোটি টাকা। কর্নাটকেও ছবির দাপট চোখে পড়ার মতো। অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানা ও তামিলনাড়ুতেও আয় উর্ধ্বগামী। ছবি নির্মাতারদের দাবি এই সিনেমার হিন্দি সংস্করণ এলেও আয় হবে উর্ধ্বগামী।
শুধু দেশেই নয়, বিদেশের বাজারেও ছবিটি দুর্দান্ত ব্যবসা করছে। আবারও জর্জকুট্টি চরিত্রে দর্শকদের মন জয় করেছেন মোহনলাল। তাঁর সঙ্গে ছবিতে রয়েছেন মীনা, আনসিবা হাসান, এসথার অনিল, সিদ্দিক, মুরালি গোপি, বিজু মেনন এবং কলাভবন শাজন এর মতো দক্ষিণী অভিনেতারা।
ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১৪১.৩৪ কোটি টাকার ব্যবসা করে ছবিটি বছরের অন্যতম বড় সাফল্যের তালিকায় জায়গা করে নিয়েছে।
আজকালের খবর/ এমকে