শুক্রবার ২২ মে ২০২৬
শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:৩০ এএম   (ভিজিট : ২৩)
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে কেবল স্বদেশ প্রেমের চর্চা করলেই হবে না, এর পাশাপাশি ইতিহাসের রাজনৈতিক ও সামাজিক জটিল গতিধারা সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকা জরুরি।

তিনি বলেন, ইতিহাস ও রাজনীতির এই প্রেক্ষাপটকে জানতে পারলে যেকোনো সৃষ্টিশীল কাজের প্রকৃত মূল্যায়ন করা সম্ভব।

বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বিশিষ্ট কণ্ঠশিল্পী ও গবেষক ড. অণিমা রায়ের প্রথম গ্রন্থ ‘পঞ্চগীতিকবির গানে স্বদেশচেতনা’-এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলা একাডেমি থেকে প্রকাশিত এই বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে ‘সুরবিহার’। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 

এছাড়া অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম ও সরকারি সংগীত কলেজের বিভাগীয় প্রধান ড. কমল খালিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট গবেষক ফারজানা রশীদ ব্রাউনিয়া।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইতিহাসের জটিল গতিপ্রকৃতির উদাহরণ টেনে বলেন, ‘আমাদের ইতিহাসে ১৯০৫ সালের বঙ্গভঙ্গকে আমরা দুইভাবে দেখি। এক সময় মনে হয়েছিল অবিভক্ত বাংলা থাকলেই ভালো হতো। কিন্তু ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় এই অঞ্চলের মানুষ যখন স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল, তখন প্রমাণিত হলো এই ভূখ-টি আলাদা হওয়াই সঠিক ছিল।’

তিনি বলেন, ‘সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ১৯০৫ সালের বঙ্গভঙ্গের সময়কার যে গানগুলো রচিত হয়েছিল, সেই গানগুলোই আবার ১৯৭১ সালে আমাদের মুক্তি সংগ্রামের মূল প্রেরণা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানে পরিণত হয়েছিল।’

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চা করার সময় ইতিহাসের এই রাজনৈতিক জটিল আবর্তন ও পট পরিবর্তনগুলোও শিক্ষণীয় হিসেবে ধরিয়ে দেওয়া দরকার।

বিখ্যাত সাহিত্যিক কাহলিল জিবরানের ‘দ্য প্রফেট’ গ্রন্থের কবিতার উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, ‘প্রেম বা অনুভূতির একটি শাশ্বত সংজ্ঞা রয়েছে। সেটি স্বদেশ প্রেম, মানব প্রেম, প্রকৃতি প্রেম কিংবা ঈশ্বরের প্রতি প্রেম যাই হোক না কেন, প্রেম মূলত নিজেকে ছাড়া আর কাউকেই চেনে না।’

তিনি বলেন, ‘সাধারণ শ্রোতারা অনেক সময় গানের রোমান্টিকতা ও প্রকৃতি প্রেমকে আলাদা করে দ্বিধায় পড়ে যান, কিন্তু সব প্রেমের মূল সুর এক ও অভিন্ন।’

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft