আন্তর্জাতিক উদ্ভাবন ও রোবোটিক্স প্রতিযোগিতা ‘কোডেভার ৭.০’-এ অংশ নিতে বাংলাদেশ থেকে নির্বাচিত ১০টি শিক্ষার্থী দল আজ বুধবার (১৩ মে) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আগামী ১৬ ও ১৭ মে জাকার্তার বিনুস ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, কোডিং, রোবোটিক্স ও উদ্ভাবনভিত্তিক এই অলিম্পিয়াড।
বিশ্বব্যাপী তরুণ উদ্ভাবক, রোবোটিক্স নির্মাতা এবং প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানকারীদের জন্য ‘কোডেভার’ একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার প্রযুক্তিভিত্তিক সমাধান উপস্থাপন করে থাকে।
প্রতিযোগিতাটির মূল ভিত্তি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)। এর আওতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবেশ, শিক্ষা, নিরাপত্তা, স্মার্ট সিটি, প্রতিবন্ধী সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যার উদ্ভাবনী প্রযুক্তিগত সমাধান আন্তর্জাতিক বিচারকদের সামনে তুলে ধরবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, গত বছরের ‘কোডেভার’ আয়োজন ছিল ব্যাপক অংশগ্রহণমূলক ও সফল। বিশ্বের ৭০টিরও বেশি দেশে প্রতিযোগিতাটির কার্যক্রম বিস্তৃত হয়। বিভিন্ন ধাপে প্রায় ৭ হাজার ৭১৩ শিক্ষার্থী এবং ১ হাজার ৩০০-এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এছাড়া ৭০০ ঘণ্টারও বেশি প্রশিক্ষণ সেশন পরিচালিত হয় এবং বিশ্বব্যাপী ৩৬টি সরাসরি আয়োজন অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে শিক্ষার্থীদের তৈরি ৬০০-র বেশি সামাজিক উদ্ভাবনী প্রকল্প আন্তর্জাতিকভাবে উপস্থাপন করা হয়, যা তরুণ প্রজন্মের প্রযুক্তিনির্ভর সৃজনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ থেকে এবারের আয়োজনে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে ট্র্যাক-১ এ ৮টি এবং ট্র্যাক-৩ এ ২টি দল প্রতিযোগিতা করবে। জাতীয় পর্যায়ের বুটক্যাম্প, মূল্যায়ন কার্যক্রম ও প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে দলগুলো চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
বাংলাদেশে ‘কোডেভার’-এর কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ সায়েন্স ক্লাব। এবারের আয়োজনের বাংলাদেশ কান্ট্রি পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে সংগঠনটি। দেশের তরুণ শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক উদ্ভাবনী প্ল্যাটফর্মে যুক্ত করতে দীর্ঘদিন ধরে বিজ্ঞান, গবেষণা, রোবোটিক্স ও প্রযুক্তিভিত্তিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে ক্লাবটি।
আজকালের খবর/ এমকে