শনিবার ৯ মে ২০২৬
কৃষকের ফসল হারানোর বেদনা অনেক: ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ০)
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এদেশের ৭৫ ভাগ মানুষ কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত এবং তাদের হাড়ভাঙা খাটুনির ফসল যখন নষ্ট হয়, তখন সেই বেদনা অত্যন্ত গভীর হয়। বর্তমান সরকার কৃষকদের মনেপ্রাণে বিশ্বাস করে এবং তাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করাই এই সরকারের মূল লক্ষ্য। কৃষকদের সার্বিক উন্নয়নে সরকার ইতিমধ্যে নানামুখী ও বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে। 

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওর পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

সরকারি গুদামে ধান সংগ্রহের বিষয়ে মন্ত্রী জানান যে, বর্তমানে জেলা পর্যায়ে ধান সংগ্রহের কোটা নির্ধারিত থাকলেও ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। সরকার চায় কৃষকরা যেন কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই তাদের ফসলের ন্যায্য মূল্য সরাসরি পায়। কিশোরগঞ্জের অল ওয়েদার রোডের কারণে পানি প্রবাহে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্তে যদি কোনো সমস্যা পাওয়া যায়, তবে সেই অনুযায়ী দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান, জেলা প্রশাসক মো: আবু সাঈদ এবং নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাঠ পরিদর্শন শেষে মন্ত্রী বিকেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ হিসেবে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢল থামায় মেদির হাওরসহ বিভিন্ন এলাকার পানি কমতে শুরু করেছে, যার ফলে তলিয়ে থাকা ধানি জমিগুলো পুনরায় দৃশ্যমান হচ্ছে। এতে কৃষকদের মনে কিছুটা স্বস্তি ফিরলেও দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় অর্ধেকের বেশি ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে, নাসিরনগরের ১১ হাজার হেক্টর বোরো আবাদের মধ্যে ৩০৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে যার আনুমানিক মূল্য ১৩ কোটি টাকা। তবে স্থানীয় কৃষকদের দাবি, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। বর্তমানে তালিকাভুক্ত ২ হাজার ৫০০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft