‘দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে বগুড়ার সোনাতলা উপজেলায় নারী দুগ্ধ খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ১১টায় সোনাতলা পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় উপজেলার প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারী অংশ নেন।
প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, দুগ্ধ খামারে নারীর অংশগ্রহণের সম্ভাবনা, সুযোগ ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রতিটি নারী খামারীর মাঝে স্বাস্থ্যসম্মতভাবে দুধ সংগ্রহের জন্য একটি করে মিল্ক নেট (দুধ ছাঁকনি) বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. গোপেশ চন্দ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাহানাজ পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জাহাবুর রহমান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জান্নাতুল ফেরদৌস।
এছাড়া উপস্থিত ছিলেন- ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বাবলী সুরাইয়া, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের তাসলিমা খাতুন এবং ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের ভেটেরিনারি সার্জন ডা. আল আকমল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মিলন চন্দ্র রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্র্যাক প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ ধরনের প্রশিক্ষণ নারী খামারীদের দক্ষতা বৃদ্ধি করে তাদের স্বাবলম্বী করে তুলবে এবং দেশের দুগ্ধ শিল্পকে আরও সমৃদ্ধ করবে।
আজকালের খবর/বিএস