মঙ্গলবার ৫ মে ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর প্রতিনিধির সাক্ষাৎ, রোহিঙ্গা ইস্যুতে জোর
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:৩৬ পিএম   (ভিজিট : ১৩)
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন, মানবিক সহায়তা এবং প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ মানবিক বিবেচনায় বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র সম্প্রতি রোহিঙ্গাদের জন্য অর্থায়ন প্রায় ৫০ শতাংশ কমিয়েছে। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন ও মানবিক চাহিদা পূরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো জরুরি।

রোহিঙ্গা শিবিরের সীমিত জায়গায় অতিরিক্ত জনসংখ্যার কারণে সৃষ্ট সংকট নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক ও ভৌগোলিক বাস্তবতায় ক্যাম্প সম্প্রসারণ কঠিন। তাই সমস্যার টেকসই সমাধানে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর জোর দেন তিনি।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল-ইরান উত্তেজনাসহ নানা ইস্যুর কারণে রোহিঙ্গা সংকট যেন বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টির বাইরে চলে না যায়। এ বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার দিতে জাতিসংঘ ও ইউএনএইচসিআরকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ সময় ইউএনএইচসিআর প্রতিনিধি আগামী ২০ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা শরণার্থী সংক্রান্ত ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি)’ উপস্থাপনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

সাক্ষাতের শুরুতে ইভো ফ্রেইসেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং মন্ত্রী তাঁকে স্বাগত জানান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব বেগম মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft