মঙ্গলবার ৫ মে ২০২৬
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১২:২৬ পিএম   (ভিজিট : ৭)
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র-এর মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে এবং এতে উভয় দেশের স্বার্থ বিবেচনায় রেখেই ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়। ফলে এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কোনো কারণ নেই।

মঙ্গলবার (৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রেন্ডন লিঞ্চ-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী না হলেও রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এটি বাস্তবায়নের দায়িত্ব পালন করছে। তিনি বলেন, রাষ্ট্রীয় চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছামতো বাতিল করা যাবে; বরং এটি দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজে লাগানোই লক্ষ্য।

তিনি আরও জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাখ্যা চেয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে। মন্ত্রী বলেন, বিদ্যমান চুক্তির প্রেক্ষাপটে এ ধরনের তদন্ত না হলে তা আরও ইতিবাচক হতো।

দেশের উৎপাদন ও বাণিজ্য বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে কোনো ক্ষেত্রেই ‘ওভার ক্যাপাসিটি’ নেই এবং ডাম্পিংয়ের অভিযোগও ভিত্তিহীন। তৈরি পোশাকসহ রপ্তানিমুখী খাতগুলো আন্তর্জাতিক কমপ্লায়েন্স মেনে পরিচালিত হয় এবং সেখানে শ্রম আইন লঙ্ঘন বা শিশুশ্রমের সুযোগ নেই।

চুক্তি বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার হিসেবে দেশের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। কোনো ধারা স্বার্থবিরোধী হলে তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে, যা তিনি ‘সেলফ কারেক্টিং এলিমেন্ট’ হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft