দেশের আবাসন খাতের টেকসই উন্নয়ন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতকরণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে মন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে আবাসন খাতের বর্তমান চ্যালেঞ্জ, বিনিয়োগ পরিস্থিতি এবং মধ্যবিত্ত ও নিম্ন-আয়ের মানুষের জন্য সহজলভ্য আবাসন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু) এবং গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ নজরুল ইসলাম।
সাক্ষাৎকালে রিহ্যাবের বর্তমান প্রেসিডেন্ট ড. আলী আফজাল খাতের বর্তমান সংকট তুলে ধরে বলেন, "দেশের অর্থনীতিতে আবাসন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে নীতিগত জটিলতা, নির্মাণসামগ্রীর উচ্চমূল্য এবং অর্থায়ন সংকটের কারণে বর্তমানে এই খাতটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।"
তিনি আরও জোর দিয়ে বলেন, "আবাসন খাতকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে হলে দীর্ঘমেয়াদি নীতি সহায়তা এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ বৃদ্ধি করা জরুরি। সরকারের কার্যকর সহযোগিতা পেলে এই খাত আরও গতিশীল হবে।"
মন্ত্রীর আশ্বাস: জনবান্ধব আবাসন ব্যবস্থা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন রিহ্যাব নেতৃবৃন্দের কথা শোনেন এবং সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, "আবাসন খাত দেশের নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অবিচ্ছেদ্য অংশ। সরকার এই খাতের উন্নয়নে অত্যন্ত আন্তরিক এবং ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পরিকল্পনা হাতে নিয়েছে।"
মন্ত্রী আরও বলেন, রিহ্যাবের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি আধুনিক, টেকসই এবং জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে।
সাধারণ মানুষের সাধ্যের মধ্যে ফ্ল্যাট বা প্লট নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত থাকবে।
শহর এলাকায় পরিকল্পিত আবাসন নিশ্চিতে ড্যাপ (DAP) ও অন্যান্য বিধিমালা নিয়ে অংশীজনদের সাথে কাজ করা হবে।
সাক্ষাৎকালে রিহ্যাব প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মোঃ হারুন অর রশিদ, পরিচালক তাসনুভা মাহবুব সালাম, রিহ্যাব সদস্য প্রতিনিধি এম জি আর নাসির।
বৈঠক শেষে উভয় পক্ষই দেশের আবাসন শিল্পের সংকট দূর করতে এবং সাধারণ মানুষের গৃহের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আজকালের খবর/কাওছার