চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন (সিসিইসিসি)।
সোমবার (১৩ জুলাই) তাদের জরুরি কমিউনিটি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়, যা প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা এবং মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেরই প্রতিফলন।
সাম্প্রতিক বন্যা ও ভূমিধ্বসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী এবং কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা। এসব এলাকাতেই মূলত ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার ছরতী ও মাস্টারপাড়া কালীমন্দির এলাকা এবং বাঁশখালী উপজেলার খান বাহাদুর বাজার ও উত্তর জলদী এলাকায় মোট ৩০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, ডাল, ভোজ্যতেল, লবণ, চিনি, বিস্কুট, বিশুদ্ধ পানীয় জল, খাবার স্যালাইন, মোমবাতি ও দেশলাইসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
বন্যায় বহু স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গম ও প্লাবিত এলাকায় পৌঁছাতে ট্রাক ও নৌকার সমন্বয়ে বিশেষ পরিবহন ব্যবস্থা ব্যবহার করে সিসিইসিসি, যাতে বিচ্ছিন্ন পরিবারগুলোর কাছেও সময়মতো সহায়তা পৌঁছানো যায়।
এছাড়া, কক্সবাজারে চকরিয়া উপজেলার কাকারা বাজার, পেকুয়া উপজেলার মেহেরঘোনা বাজারপাড়া এবং ফাঁসিয়াখালী আশ্রয়কেন্দ্রে মোট ৪৬০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়, যাতে তারা বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহায়তা পায়।
এ প্রসঙ্গে, সিসিইসিসি দক্ষিণ এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার শু ইউনশিইয়াং বলেন, সিসিইসিসি শুধু অবকাঠামো নির্মাণেই নয়, বরং বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতেও একইভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এই উদ্যোগ চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, মানবিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের প্রতি উভয় দেশের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।
ত্রাণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সিসিইসিসি বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের কল্যাণে এবং দুর্যোগকবলিত জনগোষ্ঠীর পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে তারা।
আজকালের খবর/বিএস