সোমবার ১৫ জুন ২০২৬
নন্দীগ্রামে বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কৃষক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৪৭ পিএম   (ভিজিট : ৫১৪)
বগুড়ার নন্দীগ্রামে পুরোদমে চলছে বোরো ধান কাটা-মাড়াইয়ের কাজ। মাঠে সোনালী ফসলের সমারোহ থাকলেও কৃষকদের মুখে নেই স্বস্তির হাসি—বরং ন্যায্যমূল্য না পাওয়া, জ্বালানি তেলের সংকট ও বৈরী আবহাওয়াকে ঘিরে বাড়ছে দুশ্চিন্তা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ধান কাটায়। চলতি মৌসুমে ১৮ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। ফলনও হয়েছে বাম্পার। তবে উৎপাদন ভালো হলেও বাজারমূল্য ও খরচের চাপে লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।

কৃষকদের অভিযোগ, চাহিদামতো ডিজেল না পাওয়ায় ধান মাড়াইয়ে ভোগান্তি বেড়েছে। একই সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক শিলাবৃষ্টির ক্ষতি।

হাটলাল গ্রামের কৃষক আফছার আলী বলেন, “২৪ বিঘা জমিতে মিনিকেট ধান চাষ করেছি। শিলাবৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। প্রতিবিঘা জমিতে ধান কাটতে ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা খরচ হয়েছে। আবার মাড়াইয়ের জন্য বেশি দামে তেল কিনতে হয়েছে, তবুও চাহিদামতো পাওয়া যায়নি। বর্তমান বাজারে মিনিকেট ধান প্রতি মণ ১২২০ থেকে ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আমাদের জন্য সন্তোষজনক নয়।”

আরেক কৃষক আব্দুস সাত্তার বলেন, “প্রতিবিঘা জমিতে চাষাবাদ থেকে মাড়াই পর্যন্ত ১২ থেকে ১৩ হাজার টাকা খরচ হয়। কিন্তু বর্তমান বাজারমূল্যে আমরা আশানুরূপ লাভ পাচ্ছি না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ধানের দাম আরও বাড়া দরকার।”

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, “নন্দীগ্রামের কৃষকরা ধান উৎপাদনে দক্ষ হওয়ায় এখানে ফলন ভালো হয়। ইতোমধ্যে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে এবং এ বছরও বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা ধান ঘরে তুলতে পারবে।”

তিনি আরও জানান, সাধারণত বাম্পার ফলন হলে প্রতিবিঘায় ২০ থেকে ২৫ মণ পর্যন্ত ধান উৎপাদন হয়। তবে কৃষকদের স্বস্তি নিশ্চিত করতে বাজারমূল্য ও উৎপাদন ব্যয়ের ভারসাম্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft