রবিবার ৩১ মে ২০২৬
বৈশাখী আয়োজনে জয়িতা-সেমন্তীর গান
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৪০ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ৪:৪১ পিএম  (ভিজিট : ৫১২)
জনপ্রিয় সংগীতশিল্পী আনুশেহ আনাদিলের গান থেকে শ্রোতারা বঞ্চিত দীর্ঘদিন। প্রকাশ্যে না হলেও আড়াল থেকে ঠিকই তিনি রয়েছেন গান তথা সংস্কৃতি চর্চার সঙ্গে। তাঁর পরিচালনাধীন প্রতিষ্ঠান যাত্রা বিরতি যেন এক টুকরো বাংলাদেশ। পোশাক কিংবা খাবারই শুধু নয়, সাংস্কৃতিক আয়োজনেরও গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। 

আসছে পহেলা বৈশাখে নববর্ষ উদযাপনে দুই দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন করেছে যাত্রা বিরতি।

আয়োজনে থাকছে বাউল গান, ঐতিহ্যবাহী বায়স্কোপ, পুতুল নাচ, বেলুন শুটিং, ফেইস পেইন্টিং, নৃত্য পরিবেশনা, সাউন্ড হিলিং, কচিকাঁচাদের গানের অনুষ্ঠান, আর তার সঙ্গে গ্রামীণ লোকজ মেলা। এছাড়াও ব্যান্ড পারফরম্যান্স নিয়ে থাকছে সোনার বাংলা সার্কাস।

বর্ণাঢ্য এ আয়োজনে পহেলা বৈশাখ রাত ৮টায় গাইবেন পঞ্চকবির গান ও আধুনিক গান পরিবেশনে দুই সহোদরা জনপ্রিয় সংগীতশিল্পী ফারহিন খান জয়িতা ও সেমন্তী মঞ্জরী। এর আগে বহুবার একই মঞ্চে তাদের একসঙ্গে দেখা গেলেও, যাত্রা বিরতিতে এই প্রথমবারের মতো দুই বোন পূর্ণাঙ্গ একটি আয়োজনে শ্রোতাদের গান শোনাবেন।

তাদের এ যৌথ উপস্থিতি প্রসঙ্গে জয়িতা বলেন, “ছোটবেলা থেকেই আমরা সবকিছু একসাথে। তবে, কখনো একসাথে পারফর্ম করা হয়নি। এবারই প্রথম। যাত্রা থেকে আমন্ত্রণ জানিয়েছে। খুবই এক্সাইটেড, খুবই ইমোশনাল। আমার মায়ের কাছে (প্রয়াত রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক) ওরও গান শেখা, আমাদের জার্নিটা একসাথেই সবকিছু।”

জয়িতা জানান, অনুষ্ঠানে সেমন্তী মঞ্জরী করবেন পঞ্চকবির গান। বাংলা গানের ধারাবাহিকতায় সেমন্তীর পারফরম্যান্স যেখানে শেষ, সেখান থেকে শুরু করবেন জয়িতা। গাইবেন নব্বই দশক পর্যন্ত প্রিয় বাংলা গানগুলো।

সেমন্তী জানান, “প্রথমবারের মতো বড় কোনো আয়োজনে একসাথে গাইব দু’জন, খুবই আনন্দিত। অনেকগুলো গান আমরা করার কথা ভাবছি, কিছু গান একসাথে গাইব, কিছু গান এককভাবে গাইব।”

প্রসঙ্গত, ফারহিন খান জয়িতা বাংলা নাটকের যুবরাজখ্যাত অভিনেতা খালেদ খান ও রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হকের কন্যা। অন্যদিকে, জয়িতার ফুফাতো বোন সেমন্তী মঞ্জরীর বাবা সোহরাব উদ্দিন ছিলেন গণসংগীতশিল্পী, মা রবীন্দ্রসংগীতশিল্পী নাসিমা খান। পূর্বসূরীদের পথ ধরেই সাংস্কৃতিক অঙ্গনে আলো ছড়াচ্ছেন দুই সহোদরা।

আজকালের খবর/আতে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft