বুধবার ২৭ মে ২০২৬
অবৈধ নৌযানে পারাপারে বাড়ছে ঝুঁকি ও দুর্ভোগ
ভোলার ইলিশা ঘাটে ঈদ-পরবর্তী যাত্রীচাপ
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১:০২ পিএম   (ভিজিট : ৫৩৫)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে কর্মস্থলে ফিরতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন ভোলার ইলিশা ঘাট ব্যবহারকারী যাত্রীরা। অতিরিক্ত যাত্রীচাপ, পর্যাপ্ত লঞ্চ সংকট এবং অবৈধ নৌযানে যাত্রী পারাপারের কারণে দেখা দিয়েছে উদ্বেগজনক পরিস্থিতি।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সরেজমিনে ইলিশা ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ঈদ শেষে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে ফিরতে যাত্রীদের উপচে পড়া ভিড়। বড় লঞ্চ ও ফেরির তুলনায় ছোট নৌযানগুলোতে যাত্রীদের চাপ বেশি থাকায় জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ।

ঘাট এলাকায় কাঠের ট্রলার, স্পিডবোটসহ বিভিন্ন ছোট নৌযানে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী বহন করতে দেখা গেছে। অনেক ক্ষেত্রে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে এসব অবৈধ যাত্রী পরিবহন।

যাত্রীদের অভিযোগ, পর্যাপ্ত লঞ্চ ও বড় জাহাজ না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ নৌযানে উঠতে হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

একাধিক যাত্রী জানান, “ঈদে পরিবার নিয়ে বাড়ি এসেছিলাম। এখন কর্মস্থলে ফিরতে গিয়ে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে ,সামান্য ঝড় বা ঢেউ এলেই বড় বিপদ হতে পারে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাট এলাকায় যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা থাকলেও তা পর্যাপ্ত নয়। ফলে সুযোগ নিয়ে অনেকেই অবৈধভাবে ট্রলার ও স্পিডবোটে যাত্রী পরিবহন করছে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), জেলা প্রশাসন ও নৌ-পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সচেতন মহল বলছে, ঈদ-পরবর্তী সময়ে যাত্রীচাপ বৃদ্ধি স্বাভাবিক হলেও নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft