পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ ও খেয়াঘাটে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
জানা গেছে, ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়া, নাজিরপুর ও চৌমুহনীসহ জেলার গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ও আলেকজান্ডার, বরিশালের ডিসি ঘাট, উলানিয়া ও হিজলা, পটুয়াখালীর আলীপুর ও কালাপাড়া, নোয়াখালীর তমুরুদ্দিন এবং বরগুনার পাথরঘাটাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌপথে বিশেষ টহল জোরদার করা হয়েছে।
কোস্ট গার্ড সদস্যরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল, সন্দেহজনক ব্যক্তির ব্যাগ ও নৌযান তল্লাশি, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে দিন-রাত ২৪ ঘণ্টা এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
কাওছার আল হাবীব/আজকালের খবর