বরগুনায় জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচন করায় ফাইবার অপটিক নেটওয়ার্কের ব্যবসার ক্যাবেল কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
গত (১৭ ফেব্রুয়ারি) থেকে এমন ঘটনা একাধিকবার ঘটছে বলে অভিযোগ করেন রুরাল নেটওয়ার্কের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সৈয়দ এম এম শাফিন আহসান ।
বরগুনার বামনা উপজেলা পরিষদের সাবেক তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন (সাবেক) প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন করায় তার ২ ছেলের রুরাল ইন্টারনেট ব্যবসার লাইনে এমন হামলা হয়েছে বলে দাবী করেন।
গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ ঘটিকায় বামনায় তাদের নিজ বাড়িতে সংবাদ সম্মলন করে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সৈয়দ নাহিন আহসান অভিযোগ করে বলেন, তাদের নিজ মালিকানাধীন ‘রুরাল নেট’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের আওতায় গত প্রায় ৮ বছর যাবৎ বামনা উপজেলার বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা প্রদান করা আসছে। এর আগে কখনও তাদের ইন্টারনেট লাইনের ক্যাবেল কাটা কিংবা অন্য কোন সমস্যায় পড়তে হয়নি।
তিনি তার বক্তব্যে বলেন, বিগত সময়ও আমরা রাজনৈতিকভাবে ক্ষমতার বিরোধী ছিলাম। তখনও এরকম কোন ঘটনা ঘটেনি। গত ৯/১০ দিন যাবৎ উপজেলার বিভিন্ন এলাকার ক্যাবেল কেটে টুকরো টুকরো করে ফেলছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৭-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি । সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন এবং বামনা থানা কর্তৃক টহল টিমের কার্যক্রম বাড়ানোর দাবীও জানান।
এ ঘটনায় বামনা থানায় লিখিত অভিযোগ করেন ‘রুরাল নেট’ এর স্বত্ত্বাধিকারী সৈয়দ এম.এম. শাফিন আহসান। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত কয়েকদিন থেকে আমাদের ইন্টারনেট লাইনের ক্যাবেল তার ও যন্ত্রাংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ৫ শতাধিক গ্রাহক ক্ষতিগ্রস্থ্য হয়েছে মর্মে বক্তব্যে উল্লেখ করেন। তিনি অভিযোগে বেশ কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজও দাখিল করার বিষয় উল্লেখ করেন।
অভিযোগের বিষয় বামনা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কাওছার আল হাবীব/আজকালের খবর