রবিবার ১৪ জুন ২০২৬
সংরক্ষিত নারী আসন : বিএনপির মনোনয়ন চান কুমিল্লার আট নারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ৮৫৫)
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে কুমিল্লায় বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। দলীয় চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের পর থেকেই মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ বেড়েছে। কেউ জেলা পর্যায়ের এমপি-মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করছেন, কেউ কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থ হচ্ছেন। আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও সাংগঠনিক অভিজ্ঞতা তুলে ধরে জীবনবৃত্তান্তও পাঠানো হচ্ছে হাইকমান্ডে।

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৮টিতে বিএনপির প্রার্থীরা জয়ী হন। তাঁদের মধ্যে হাজী আমিন উর রশিদ ইয়াছিন, জাকারিয়া তাহের সুমন ও কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্ত্রিত্ব পেয়েছেন।

এর আগে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুমিল্লা থেকে এমপি হন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত–এর নাতনী আরমা দত্ত এবং আওয়ামী লীগের প্রবীণ নেতা প্রয়াত আফজল খান–এর মেয়ে আঞ্জুম সুলতানা সীমা। দ্বাদশ সংসদেও আরমা দত্ত পুনর্নির্বাচিত হন।

এবার কুমিল্লা থেকে অন্তত আট নারী নেত্রীর নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

সুফিয়া বেগম : সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সুফিয়া বেগম। ২০১৭ সাল থেকে তিনি কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করছেন; ২০২২ সালে কাউন্সিলে পুনর্নির্বাচিত হন। তিনি দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

নেতাকর্মীদের দাবি, দলের দুর্দিনে দেবীদ্বার, মুরাদনগর, চান্দিনা, হোমনা, দাউদকান্দি, তিতাস ও মেঘনা এলাকায় তিনি তৃণমূলের ভরসা ছিলেন এবং হামলা-মামলা মোকাবিলা করে সংগঠন সচল রাখেন। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির নির্বাচিত এমপি না থাকায় তাঁকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবি উঠেছে।

পেশাগত জীবনে তিনি বড়শালঘর দেশনেত্রী খালেদা জিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তিনি কেন্দ্রীয় মহিলা দলের সদস্য, ২০২৩ সালে জেলা বিএনপির পদযাত্রায় আহত হন এবং একাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও সক্রিয় অংশ নেন।

শামীমা আক্তার রুবী : কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রুবীর নামও আলোচনায় রয়েছে। তিনি আগে ফ্রান্স মহিলা দলের সহসভাপতি ছিলেন এবং ছাত্রজীবনে মুরাদনগর বদিউল আলম ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাঁর লেখা ‘মুক্তি চাই’ গান তরুণদের মধ্যে সাড়া ফেলে। তিনি দেশে-বিদেশে দলীয় আন্দোলনে সক্রিয় থাকার কথা উল্লেখ করে সংসদে নারীদের পক্ষে কথা বলার প্রত্যাশা ব্যক্ত করেন।

শাহনাজ আক্তার : লাকসাম পৌর বিএনপির তৎকালীন সভাপতি হুমায়ুন কবির পারভেজ ‘গুম’ হওয়ার পর তাঁর সহধর্মিণী শাহনাজ আক্তার রাজনীতিতে সক্রিয় হন। ২০১৫ সালে লাকসাম পৌরসভার মেয়র পদে নির্বাচন করেন। বর্তমানে তিনি লাকসাম পৌর বিএনপির সহসভাপতি ও বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি।

স্বামীর নিখোঁজ হওয়ার পর থেকে গুমবিরোধী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে আসছেন।

অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা : কেন্দ্রীয় মহিলা দল ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক। ২০০৮ সালে স্বামীর মৃত্যুর পর সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।

২০১৮ সালের নির্বাচনের সময় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয় বলে জানান। বর্তমানে তিনি নারী ও শিশু অধিকার ফোরাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক।

সাকিনা বেগম : কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাকিনা বেগম দীর্ঘদিন আওয়ামী লীগবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি হামলা-নির্যাতনের শিকার হওয়ার কথাও উল্লেখ করেন।

দিলারা শিরিন : মেঘনা উপজেলা পরিষদের তিনবারের ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন বর্তমানে কুমিল্লা উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক ও মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। নারীদের সংগঠিত করতে তাঁর ভূমিকার কথা স্থানীয় নেতাকর্মীরা উল্লেখ করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একসময় বহিষ্কৃত হলেও বর্তমানে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় আছেন।

সামিরা আজিম দোলা : কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের প্রয়াত বিএনপি এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলাও আলোচনায় রয়েছেন। সর্বশেষ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন; পরে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন।

অ্যাডভোকেট ডালিয়া রহমান : ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ডালিয়া রহমানের বাড়ি বরুড়া পৌরসভার অর্জুনতলা এলাকায়। তিনিও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া বলেন, সংরক্ষিত নারী আসনের জন্য একাধিক নাম শোনা যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। যোগ্যতার ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আজকালের খবর/আর এম









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft