বুধবার ২০ মে ২০২৬
২০১৮ সালে চান্দিনার বিএনপি নেতারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে: অভিযোগ ড. রেদোয়ানের
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৯ এএম   (ভিজিট : ৪৪৪)
কুমিল্লার চান্দিনায় এক নির্বাচনী জনসভায় সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। তিনি দাবি করেন, ২০১৮ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেও তৎকালীন স্থানীয় বিএনপি নেতারা তার বিরোধিতা করে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করেছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চান্দিনা উপজেলার মাইজখার এএমএফ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. রেদোয়ান বলেন, ‘যারা তখন আওয়ামী লীগের হয়ে কাজ করেছে তারা প্রকৃত অর্থে বিএনপি নয়।  সে কারণেই তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন তারা বিএনপি প্রার্থীর বিরুদ্ধে কলস প্রতীক নিয়ে নির্বাচন করছে।’

তিনি আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এরপর বেগম খালেদা জিয়ার নির্দেশে ২০১২ সাল থেকে ২০ দলীয় জোটের অংশ হিসেবে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন তারা। ২০১৪ সালের একতরফা নির্বাচনের পর ২০১৮ সালে জনগণকে সচেতন করার লক্ষ্যেই নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছিল। তবে রাতের ভোট এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরোধিতার কারণে তিনি পরাজিত হন বলে অভিযোগ করেন।

ড. রেদোয়ান বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি কারাবরণ করেছেন এবং হত্যাচেষ্টার শিকার হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, যারা আজ বড় বড় কথা বলছেন, স্বৈরাচারী শাসনের সময় তারা কোথায় ছিলেন।

এছাড়া তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল শামস ও আল বদর বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে এসব অপশক্তির বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

জনসভায় বিএনপি নেতা আবদুল বারেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম শামসুল হক মাস্টার, অধ্যক্ষ আবু তাহের, সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এই আসনে উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীক বরাদ্দ পাওয়ার পর কেন্দ্রীয় বিএনপি তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করে। পরবর্তীতে উপজেলা বিএনপির সকল কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft