বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জামায়াত নেতাকে অব্যাহতি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ২:২১ পিএম   (ভিজিট : ৩৭৯)
বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিতর্কিত ও বেফাস মন্তব্যের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার এক নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার আমীর মাওলানা মহিব্বুল্লাহ হারুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. শামীম আহসানের বক্তব্য দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে জেলা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তার সদস্য (রুকন) পদ স্থগিত করা হয়েছে।একই সঙ্গে জেলা সহকারী সেক্রেটারির দায়িত্বসহ সংগঠনের সব ধরনের দায়-দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কোনো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

গত ২৪ জানুয়ারি বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

এতে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম আহসান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

শামীম আহসান বলেন, ‘আমরা দেখছি, ডাকসু নির্বাচনের পরে-যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল- সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার চাঁদাবাজ, সকল প্রকার দুর্নীতি উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম।’

জনসভায় উপস্থিত লোকজনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর যে পরিবর্তন দেখেছেন, যে ছাত্ররা-ছাত্রীরা তারা ছাত্রশিবিরের পক্ষে ভোট দিয়েছেন, তাদের বাবা-মায়েরা তো এ রকম গ্রামেরই।

ডাকসুতে যদি জামায়াত ইসলামীর ছাত্রশিবির ক্ষমতায় যেতে পারে, তাহলে আগামী দিনেও জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে পারে ইনশাআল্লাহ।’

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft