বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম প্রতিদিন রেকর্ড উচ্চতায় পৌঁছাচ্ছে। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশাও বাজারে অতিরিক্ত গতি যোগ করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়, একই সঙ্গে রুপার দামও দ্রুত বেড়ে যায়। এদিন বাংলাদেশ সময় রাত ১০টা ৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬১৯ দশমিক ৭৩ ডলারে দাঁড়ায়। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬২৬ দশমিক ৪০ ডলারে লেনদেন হয়।
অ্যালিজিয়েন্স গোল্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) অ্যালেক্স এবকারিয়ান বলেন, সবাই এখন স্বর্ণ ও রুপার দিকে যাচ্ছে।
এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯১ দশমিক ৭৯৭ ডলারে দাঁড়ায়, এর আগে এটি রেকর্ড ৯২ দশমিক ২৩ ডলারে পৌঁছেছিল।
এবকারিয়ান বলেন, বাজারে আরও অস্থিরতা দেখা যেতে পারে। তবে ৯০ ডলারের রুপা আর ১০০ ডলারের রুপার মধ্যে তেমন পার্থক্য দেখি না। আমাদের স্বল্পমেয়াদি পূর্বাভাস ১০০ থেকে ১৪৪ ডলারের মধ্যে।
তিনি আরও যোগ করেন, বছরের প্রথম প্রান্তিকজুড়ে ধাতুগুলোর ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
অন্য মূল্যবান ধাতুর মধ্যে প্লাটিনামের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২,৩৯১.৪৩ ডলারে পৌঁছেছে। আর প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,৮৩২ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা। সূত্র: রয়টার্স
আজকালের খবর/বিএস