ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে আন্দোলন চালিয়ে যাচ্ছে তরুণদের নতুন প্লাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি। তীব্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও রাজপথ ছাড়ছে না আন্দোলনকারীরা। বরং নতুন আরও দাবি তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
নয়াদিল্লির যন্তর মন্তর থেকে এই আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে, যার আঁচ টের পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গেও। আন্দোলনকারীদের ‘আজাদি-আজাদি’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজপথ। আর এতে বেশ ক্ষেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ বাংলার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৪ জুলাই) নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে রথযাত্রার অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে অভিযোগ করেন, রথের দিন উত্তেজনা ছড়াতেই এই মিছিলের ডাক দেওয়া হয়েছে।
শুভেন্দু বলেন, জমায়েত ও যে কোনো দাবি জানানোতে রাজ্য সরকারের আপত্তি নেই। কিন্তু বিক্ষোভের নামে মিছিল থেকে দেশবিরোধী স্লোগান উঠলেই কড়া পদক্ষেপ নেবে সরকার।
একইসঙ্গে তিনি জানান, আগামী সোমবার ওই একই রুটে উত্তর কলকাতা জেলা বিজেপির পক্ষ থেকে জাতীয় পতাকা হাতে ১৪ হাজার কর্মী নিয়ে মিছিল করা হবে।
মূলত, শুক্রবার রথযাত্রার দিনে নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে রাজ্যের শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বামপন্থি ছাত্র সংগঠনগুলো। এই মিছিলে অংশ নেয় তেলাপোকা বা ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরাও। এ সময় উত্তাল হয়ে ওঠে ধর্মতলা চত্বর। এই আবহেই আন্দোলনের নামে বিশৃঙ্খলার অভিযোগ এনে আন্দোলনকারীদের উদ্দেশে কড়া বার্তা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আন্দোলনকারীদের সতর্ক করে শুভেন্দু বলেন, জমায়েত করুন, নিজেদের কথা বলুন। আজকে উল্টোরথ, কালকেও এই মিছিল করতে পারত। কিন্তু ইচ্ছা করে আজই করেছে। আমি পুলিশকে বলেছি, যা বলছে বলতে দিন। তবে, দেশবিরোধী স্লোগান হলে মার্ক করে অ্যাকশন নেব। ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়েছে দেশ, তারপর ‘আজাদি’, ‘আজাদি’ করলে অ্যাকশন নেব।
এরই মধ্যে মিছিলে যারা দেশবিরোধী স্লোগান দিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী।
আজকালের খবর/বিএস