শনিবার ৪ এপ্রিল ২০২৬
যে এয়ার অ্যাম্বুলেন্স আসছে খালেদার জন্য
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৪২ এএম   (ভিজিট : ৩৫০)
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সটি আর ঢাকায় আসছে না বলে জানানো হয়েছে।

তার বদলে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিয়েছে কাতার সরকার। সেটিতেও অত্যাধুনিক সব সুবিধা রয়েছে বলে সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে।

ঢাকায় কাতার দূতাবাসের তথ্য অনুযায়ী, জার্মানির নুরেমবার্গভিত্তিক ‘এফএআই এভিয়েশন গ্রুপের’ কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সটি।

এটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার (সিএল- ৬০) সিরিজের দুই ইঞ্জিনের জেট উড়োজাহাজ। এতে অ্যাম্বুলেন্সের যাবতীয় সুবিধা যুক্ত করা হয়েছে।

সিরিয়াল নম্বর বলছে, উড়োজাহাজটি প্রস্তুতকারক কোম্পানি থেকে সরবরাহ করা হয়েছে ২০১৮ সালে।

এখন পর্যন্ত তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি জার্মানির নুরেমবার্গ থেকে ঢাকায় আসবে। পথে জ্বালানি নিতে বিরতি দেবে।

ইউরোপের বিজনেস জেট, ভিআইপি চার্টার উড়োজাহাজ ও এয়ার অ্যাম্বুলেন্স সেবাদানকারী কোম্পানি এফএআই এভিয়েশন গ্রুপের ওয়েবসাইটে বলা হয়েছে, তাদের এয়ার অ্যাম্বুলেন্সে ভেন্টিলেটর, মনিটরিং ইউনিট, ইনফিউশন পাম্প, অক্সিজেন সরবরাহ, ওষুধপত্র এবং চিকিৎসা সামগ্রীসহ অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

উড়োজাহাজটিতে থাকবেন অভিজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্যারামেডিকস, যারা আকাশপথে নেওয়া রোগীদের নিবিড় পরিচর্যার বিষয়ে বিশেষ জ্ঞান রাখেন।

এফএআই এভিয়েশন গ্রুপের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এক্সট্রা করপোরাল মেমব্রেন অক্সিজেনেশন’ (ইসিএমও) সাপোর্টে থাকা রোগীদের বহনের জন্য ওই এয়ার অ্যাম্বুলেন্সে যথাযথ ব্যবস্থা রয়েছে।

ইসিএমও এমন চিকিৎসা পদ্ধতি, যেখানে যান্ত্রিক হৃদপিণ্ড বা ফুসফুসের মাধ্যমে হৃদযন্ত্র এবং ফুসফুস বিকল হওয়া রোগীদের বাঁচিয়ে রাখা হয়। এসব যন্ত্র কৃত্রিম উপায়ে রোগীর শরীরে রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ করে বিশুদ্ধ অক্সিজেনবাহী রক্ত চলাচল নিশ্চিত করে।

এফএআই এভিয়েশনের কর্মীরা ইসিএমও রোগী স্থানান্তর করার ক্ষেত্রে বিশেষজ্ঞ বলে দাবি করা হয়েছে ওয়েবসাইটে।

সংকটাপন্ন রোগীদের হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে স্থানান্তর করাটা প্রায় সময়ই জটিল হয়ে দাঁড়ায়।

জার্মান সংস্থাটি বলেছে, তারা হাসপাতালের চিকিৎসা দলের সঙ্গে যোগাযোগ করে একটি নিরাপদ স্থানান্তরের ব্যবস্থা করে থাকে। এ বিষয়ে তাদের বিশেষজ্ঞ কর্মী, আইসিইউ নার্স ও ‘পারফিউশনিস্ট’ রয়েছে।

একজন ক্লিনিকাল পারফিউশনিস্ট বা কার্ডিও পালমোনারি বাইপাস স্পেশালিস্ট অতি দক্ষ পেশাদার চিকিৎসক, যিনি মূলত বাইপাস সার্জারির সময় হার্ট-লাং মেশিনটি পরিচালনা করেন।

এ ধরনের সার্জারি বা অন্য সময়ে রোগীর হৃদযন্ত্র ও ফুসফুস কাজ করা বন্ধ করে দিলে কৃত্রিম উপায়ে যখন তাদের বাঁচিয়ে রাখা হয়, তখন যন্ত্রটি পরিচালনাসহ সব কিছু পরিচালনা করেন ‘পারফিউশনিস্ট’।

যেসব রোগীর প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল, তাদের জন্য এয়ার অ্যাম্বুলেন্সটিতে পোর্টেবল মেডিকেল আইসোলেশন ইউনিট (পিএমআইইউ) রাখার কথা বলা হয়েছে।

এর ভেন্টিলেশন ব্যবস্থা ‘অত্যন্ত আধুনিক’ দাবি করে ওয়েবসাইটে বলা হয়েছে, রোগীর কাছে বাতাস পৌঁছানোর আগেই তা পরিশোধন করা হয়।

এফএআইয়ের ওয়েবসাইটে নবজাতক, শিশু ও প্রাপ্ত বয়স্কসহ বিভিন্ন ধরনের রোগীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে আলাদা ব্যবস্থা থাকার কথা বলা রয়েছে।

এর আগে কাতারের আমিরের ব্যক্তিগত বহরের যে এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে বহনের জন্য এসেছিল, সেটি ছিল এয়ারবাস ৩১৯ সিরিজের একটি উড়োজাহাজ।

উড়োজাহাজটি বোম্বার্ডিয়ারের চেয়ে বেশ খানিকটা বড় ছিল। ওই উড়োজাহাজে রোগীর সঙ্গে যে পরিমাণ যাত্রী যেতে পেরেছিলেন, এই বোম্বার্ডিয়ার উড়োজাহাজে তার অর্ধেকও হয়ত যেতে পারবেন না।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft