
সদ্য সমাপ্ত ২০২৩ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৩৪৭ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের তুলনায় এক দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার বেশি। অর্থাৎ বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে তিন দশমিক ৬৭ শতাংশ।
মঙ্গলবার (২ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।
২০২৩ সালের মাসভিত্তিক রপ্তানি পারফরম্যান্স দেখায় যে, বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে মোটামুটি প্রবৃদ্ধি সহকারে বছরটি ভালোভাবে শুরু হয়েছিল। মার্চ ও এপ্রিলে টানা কমার পর, মে থেকে সেপ্টেম্বর সময়ে প্রবৃদ্ধি পুনরায় ইতিবাচক ধারাতে ফিরে আসে এবং তা বজায় থাকে। বছরের শেষ প্রান্তিকে রপ্তানি পারফরম্যান্স ২০২২ সালের শেষ প্রান্তিকের তুলনায় নিচে নেমে আসে।
যদিও বছরটি ডিসেম্বরে দুই দশমিক ৩৫ শতাংশ কম সহকারে শেষ হয়েছে। এই একক মাসে রপ্তানি হয়েছিল চার দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার। নভেম্বর ও ডিসেম্বরে পতন ঘটেছিল মূলত ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বরে অস্বাভাবিকভাবে বেশি রপ্তানির কারণে।
অবশ্য বছরওয়ারি পোশাক রপ্তানি টার্নওভার হিসাব করলে ২০২৩ সাল পোশাক শিল্পের জন্য একটি ঐতিহাসিক বছর ছিল। বিশ্বব্যাপী অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সংকট বিবেচনা করলে বাংলাদেশ মোটামুটি ভালো করেছে। তবে, বাংলাদেশের প্রধান বাজারগুলোর আমদানি কমেছে। কারণ, বেশিরভাগ উন্নত অর্থনীতি তাদের উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে লড়াই করছে। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে গৃহীত বিভিন্ন আর্থিক নীতি সংক্রান্ত পদক্ষেপগুলো ভোক্তাদের চাহিদার ওপর বিরূপ প্রভাব ফেলছে।
যেহেতু বিশ্বব্যাপী পোশাক বাণিজ্যের প্রবৃদ্ধি প্রতিবছর ওঠানামা করে, তাই ধারণা করা হচ্ছে ২০২৪ একটি পরিবর্তনের বছর হবে। কারণ, ২০২৩ সালটি সারা বিশ্বজুড়েই পোশাক শিল্পের জন্য একটি দুর্বল বছর ছিল। ২০২৪ সালে ভোক্তাদের চাহিদা এবং ব্যয় পুনরায় বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, আমরা আশা করি ২০২৪ সালে শিল্পে আরও কৌশলগত বিনিয়োগ হবে এবং আরও উদ্ভাবনী ও প্রযুক্তি-ভিত্তিক শিল্পের দিকে একটি গুণগত পরিবর্তন দৃশ্যমান হবে।
তিনি বলেন, আমাদের অর্থনীতি বর্তমানে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন। আমি বিশ্বাস করি ২০২৪ সাল আমাদের জন্য সুবাতাস বয়ে নিয়ে আসবে। কারণ, আমরা শিল্পের একটি ইতিবাচক পরিবর্তন আশা করছি। আমাদের সামনে নতুন সুযোগ রয়েছে, যা কাজে লাগানোর উপায়গুলো শিল্প অন্বেষণ করছে এবং আমাদের সামনে নতুন চ্যালেঞ্জও রয়েছে। চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে সুযোগগুলো কাজে লাগানোর জন্য সরকার, উন্নয়ন অংশীদার এবং অন্যান্য সব স্টেকহোল্ডারের কাছ থেকে অব্যাহত সহযোগিতা ও সমর্থন আমাদের প্রয়োজন।
এদিকে, ২০২৩-২৪ অর্থবছরের (জুলাই থেকে ডিসেম্বর) মধ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ২৩ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং প্রবৃদ্ধি এক দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে।
আজকালের খবর/এসএইচ